জবি শিক্ষার্থী আকবর হত্যার তদন্ত সিআইডি বা পিবিআইকে দিতে অনুরোধ
চট্টগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকবর হুসাইনের নিহত হওয়ার ঘটনা সিআইডি বা পিবিআইয়ের মাধ্যমে তদন্ত চায় নিহতের পরিবার। শুক্রবার নিহতের বড় বোন লাবণী খানম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
লাবণী খানম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। এ সময় আকবর হুসাইনের সহপাঠীরাও উপস্থিত ছিলেন। আকবরের পরিবার মৌলভীবাজারে থাকে।
দীর্ঘ পাঁচ মাস পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে উল্লেখ করে লাবণী বলেন, পুলিশ এখনো সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। কে বা কারা গত ২৭ আগস্ট রাতে পরিকল্পনামাফিক ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে গিয়ে হত্যা করেছে, তা এখনো এক রহস্য রয়ে গেছে। আকবরের মোবাইল ফোনটি ঘটনার এক–দুই দিনের মধ্যেই থানা থেকে লক খুলতে গিয়ে হার্ড রিসেট দেওয়া হয়, ফলে তাঁর ফোন থেকে কোনো কিছু পাওয়া যায়নি। পুলিশ এখনো সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি বলে জানায়।
লাবণী খানম বলেন, ‘বর্তমানে মামলাটি চট্টগ্রামের খুলশী থানায় থাকলেও দীর্ঘ সময় পরেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি। আমরা চাই মামলাটি পিবিআই বা সিআইডির অধীনে দেওয়া হোক। এ জন্য একটি লিখিত আবেদন করলেও মামলাটি এখনো আগের অবস্থাতেই রয়েছে। মামলায় উল্লেখিত সন্দেহভাজন ব্যক্তিদেরও এখন অব্দি জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হয়নি।’
সহপাঠীদের ভাষ্য, গত ২৭ আগস্ট আকবর হুসাইন পুরান ঢাকার মেস থেকে বেরিয়ে যান। সহপাঠীরা বিভিন্ন সময় ফোনে যোগাযোগ করলে আশপাশে রয়েছেন বলে জানান। সর্বশেষ রাত ৮টা ৩৭ মিনিটে আকবর ফোনে বড় বোনকে জানিয়েছিলেন একটু পরই মেসে ফিরবেন। এরপর ১৫ মিনিট পরই জানা যায় আকবরকে চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে নিচে কে বা কারা ফেলেছে এবং প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে অজ্ঞান ও আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেন।
আকবরের কোমরের বাঁ পাশে গভীর ক্ষত হয়েছিল বলে জানান এক সহপাঠী। তাঁর ভাষ্য, উড়ালসড়ক থেকে ফেলে দেওয়ায় তাঁর মস্তিষ্কে অনেকাংশে থেঁতলে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে, টানা পাঁচ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকার পর ১ সেপ্টেম্বর ভোরে আকবরের মৃত্যু হয়।