জবিতে নতুন তিন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আরও তিনটি বিভাগ খোলা হয়েছে। বিভাগগুলো হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ও ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। এ নিয়ে নতুন তিনটিসহ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে মোট বিভাগ হলো ৩৫টি৷ গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৩৮তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এই তিনটি বিভাগ খোলার সিদ্ধান্ত হয়। আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হবে। এ ছাড়া গতকাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাকারিয়া মিয়া, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে অধ্যাপক লাইসা আহমেদ এবং ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসনকে চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।