জবির প্রধান ফটকে তালা, উপাচার্য দপ্তরে যাননি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার ফের ছাত্র ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগে ইংরেজি বিভাগের চাকরিচ্যুত শিক্ষক নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও তাঁকে স্বপদে বহালের দাবিতে এ ধর্মঘট পালন করা হয়। এ ছাড়া আগামী রোববার ক্লাস-পরীক্ষা বর্জন ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা।
ধর্মঘটের অংশ হিসেবে আজ সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধানসহ তিনটি ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রধান ফটকের সামনে ব্যানার-পোস্টার নিয়ে অবস্থান নেন, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমদকে স্বপদে বহালের দাবিতে স্লোগান দেন। সকাল নয়টার সময় প্রধান ফটক খুলে দিতে অনুরোধ জানান প্রক্টর নূর মোহাম্মদ ও ছাত্র কল্যাণ পরিচালক মোহাম্মদ আবদুল বাকী। কিন্তু তাঁদের কথায় সায় দেয়নি শিক্ষার্থীরা। তবে প্রধান ফটকের পকেট গেট দিয়ে শিক্ষকদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়। এভাবে বিকেল পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান নেন। এই অবস্থার কারণে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারেননি উপাচার্য মীজানুর রহমান। এ ছাড়া প্রায় সব বিভাগের ক্লাস-পরীক্ষাও বন্ধ ছিল।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় নাসির উদ্দিন আহমদকে অপসারণের বিষয়টি প্রশাসনেরই ষড়যন্ত্র। তাঁকে অপসারণের মূল কারণ, তিনি ছাত্রদের যুক্তিসংগত প্রতিটি আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। অথচ কিছুদিন আগে বাংলা বিভাগের একজন নারী অধ্যাপকের বিরুদ্ধেও গবেষণাপত্র জালিয়াতির অভিযোগ উঠেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি জালিয়াতি করে পদোন্নতি নেওয়ারও অভিযোগ আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কর্মসূচি শেষে ইংরেজি বিভাগের ছাত্রী নাসরিন ফারহানা রাহি প্রথম আলোকে বলেন, ‘আজকের মতো কর্মসূচি সমাপ্ত হয়েছে। আন্দোলনের কারণে ক্যাম্পাসে আসেননি উপাচার্য মীজানুর রহমান। তাই তাঁর কাছে আমাদের দাবি উপস্থাপন করতে পারিনি। তবে আগামী রোববার উপাচার্যের সঙ্গে আমাদের বৈঠকের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে নতুন কর্মসূচি দেওয়া হবে কি না, তা আমরা পর্যালোচনা করছি।’
জানতে চাইলে প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার ভিসি (উপাচার্য) স্যারের বৈঠক করার কথা ছিল। কিন্তু স্যার ক্যাম্পাসে না আসায় বৈঠক হয়নি। তাই আগামী রোববার নতুন বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। সেখানে শিক্ষার্থীরা তাঁদের দাবি উপস্থাপন করার সুযোগ পাবেন। উপাচার্যও তাঁর মতামত দেবেন।
গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগে গত বৃহস্পতিবার নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও তাঁকে স্বপদে বহালের দাবিতে গত মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সংবাদ সম্মেলনে উপাচার্য মীজানুর রহমান অভিযুক্ত শিক্ষকের শাস্তির বিষয়টি ‘ক্ষমা চেয়ে আবেদন করা সাপেক্ষে’ পুনর্বিবেচনা করার কথা জানান। কিন্তু তাঁকে স্বপদে বহাল করার বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপে ‘স্ট্যান্ড ফর নাসির স্যার—এই যুগের শামসুজ্জোহা’ আজ আবার ধর্মঘটের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।