জবেদ আলীকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পরও ১৩ বছর কারাগারে আটকে থাকা সাতক্ষীরার জবেদ আলী বিশ্বাসকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল দেন। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, হাইকোর্টের রেজিস্ট্রার, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২, কারা মহাপরিদর্শক ও সাতক্ষীরার জেল সুপারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৩ মার্চ প্রথম আলোতে ‘খালাসের রায়ের ১৩ বছর পর কারামুক্ত হলেন জবেদ আলী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংস্থা চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী আবদুল হালিম। গতকাল আদালতে তিনিই আবেদনটির পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
পরে আবদুল হালিম প্রথম আলোকে বলেন, হাইকোর্ট খালাস দেওয়ার পরও জবেদ আলী ১৩ বছর বিনা দোষে কারাগারে আটকে ছিলেন। এ জন্য তাঁর বেঁচে থাকার মৌলিক অধিকার (রাইট টু লাইফ) লঙ্ঘিত হয়েছে। এ জন্য আদালত ক্ষতিপূরণের রুল দিয়েছেন। এ ছাড়া এই ঘটনায় বিবাদীদের অবহেলা ও ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও আদালত জানতে চেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, হাইকোর্টের রুলের বিষয়টি জানার পর জবেদ আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার ক্ষতিপূরণ চাই।’ বর্তমানে অসহায়ের মতো জীবনযাপন করা জবেদ আলী আরও বলেন, তাঁর কোনো বেলা খাওয়া জোটে, কোনো বেলা জোটে না। ভ্যানচালক ভাই পিয়ার আলী তাঁকে বাঁচিয়ে রেখেছেন। ক্ষতিপূরণ পেলে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা জবেদ আলী বিশ্বাস। স্ত্রী ফরিদা খাতুনের মৃত্যুর পর তাঁর দুই মেয়ে লিলি (৮) ও রেক্সোনা (৫) তালা উপজেলার মানিকহার গ্রামে তাদের মামা আবুল কাসেমের বাড়িতে থাকত। ১৯৯৪ সালের ৫ সেপ্টেম্বর জবেদ আলী মানিকহার গ্রামে শ্যালকের বাড়িতে বেড়াতে যান। ওই দিন লিলি মারা যায়। এ ঘটনায় আবুল কাসেম বিষ খাইয়ে লিলিকে হত্যার অভিযোগ এনে জবেদ আলীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেন। পরদিন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই মামলায় জবেদ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০১ সালের ১ মার্চ সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জবেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে জবেদ আলী হাইকোর্টে জেল আপিল করেন।
নথি থেকে আরও জানা যায়, ২০০৩ সালের ১৯ মার্চ হাইকোর্ট জবেদ আলীকে নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেন। ২৬ মার্চ হাইকোর্ট থেকে খালাসের আদেশ সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এ পৌঁছায়। তবে আদালত হাইকোর্টের আদেশ কারাগারে না পাঠিয়ে তা আদালতের রেকর্ডরুমে সংরক্ষণের নির্দেশ দেন। ২০০৫ সালে জবেদ আলী হাইকোর্ট থেকে খালাস পাওয়ার খবর পেয়ে কারা কর্তৃপক্ষকে জানান। জেল আপিলের অবস্থা জানতে চেয়ে তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কারা কর্তৃপক্ষের মাধ্যমে সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ আদালতে আটটি চিঠি পাঠান। কিন্তু একটি চিঠিরও জবাব মেলেনি।
এরপর গত ২৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার অতিরিক্ত সরকারি কৌঁসুলি জিল্লুর রহমান ও ফাহিমুল হক সাতক্ষীরার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতে জবেদ আলীর মুক্তির জন্য আবেদন করেন। শুনানি শেষে ২ মার্চ বিচারক মো. আশরাফুল ইসলাম তাঁকে মুক্তি দেন।