জব্দ অস্ত্রসদৃশ বস্তুর ব্যালিস্টিক পরীক্ষা করছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা ‘আগ্নেয়াস্ত্রসদৃশ’ বস্তুগুলোর ব্যালিস্টিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বস্তুগুলো পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক মনির বেন আলী ও আনিসুল ইসলাম তালুকদারের ব্যাগ তল্লাশি করে নয়টি অস্ত্রসদৃশ বস্তু ও ১২ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ ঘটনায় মনির ও আনিসুলকে আটক করে শুল্ক কর্তৃপক্ষ। পরদিন এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। পরে এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের নির্দেশে পুলিশ তাঁদের তিন দিনের রিমান্ডে নেয়।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, রিমান্ডে আসামিরা দাবি করেছেন জব্দ বস্তুগুলো আসল অস্ত্র নয়, এগুলো খেলনা পিস্তল। তারপরও বস্তুগুলো আসল অস্ত্র না খেলনা, তা জানার জন্য সেগুলো সিআইডিতে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে পরীক্ষার ফলাফল পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। গ্রেপ্তার দুই আসামি সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।