জব্দ আলামতের ডিএনএ পরীক্ষার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় জব্দ করা আলামতের ডিএনএ পরীক্ষা যত দ্রুত সম্ভব করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত ১০ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন। ওই দিন ওসিসহ তিনজনকে হাজির হতে বলা হয়েছে। জানা যায়, ১ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘লৌহজংয়ে প্রতিবন্ধী ধর্ষিত, আ.লীগ নেতার হস্তক্ষেপে থানায় বসে রফা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে ২ আগস্ট মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এক আইনজীবী ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় আবেদন করেন। প্রাথমিক শুনানির পর ওই দিন আদালত রুল জারি করেন ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্যদের তলব করেন। এ নির্দেশ অনুসারে গতকাল সকালে লৌহজং থানার ওসি মো. আবদুল মালেক, ওসি (তদন্ত) এ কে এম মাসুদ খান এবং আওয়ামী লীগের নেতা মনির হোসেন হাজির হন। ওই কিশোরী এবং তার মা আদালতে হাজির হন। আদালত ওই কিশোরীর মায়ের বক্তব্য গ্রহণ করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। পুলিশের পক্ষে আইনজীবী এম এ খালেক এবং মনির হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন মন্টু চন্দ্র ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।