জব্দ করা খননযন্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা
সিলেটে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা টিলা কাটার যন্ত্র ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সাবেক ইউপি সদস্য আবদুল করিম মামলাটি করেন। মামলায় যন্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে যন্ত্রের মালিককে আসামি করা হয়েছে।
টিলা কাটার অপরাধে আজ মঙ্গলবার আরেকটি মামলা হয়েছে। টিলা কাটায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মামলায় স্থানীয় চারজন ভূমিমালিকের নাম উল্লেখ করে ১০-১২ জনকে আসামি করা হয়। সেই হিসেবে একই ঘটনায় দুটি মামলা হলো। একটি মামলা খননযন্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে এবং আরেকটি টিলা কাটার অভিযোগে। তবে দুই মামলায় আসামি ভিন্ন ভিন্ন।
স্থানীয় লোকজন জানান, গত শনিবার সিলেটের বিমানবন্দর থানার বাইশটিলা এলাকায় ক্যাম্পের টিলা কেটে ৩০০ শতক জলাভূমি ভরাট করা হচ্ছিল। তখন সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালত সাতটি খননযন্ত্র জব্দ করেন। ব্যয়বহুল এ খননযন্ত্রগুলো নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেন আদালত। আর খননযন্ত্রগুলো রাখা হয় সাবেক ইউপি সদস্য আবদুল করিমের হেফাজতে। কিন্তু অভিযান শেষ হওয়ার পর সন্ধ্যায় যন্ত্রের মালিক মিজান আজিজ চৌধুরী জোরপূর্বক তিনটি খননযন্ত্র ছিনিয়ে নেন।
আবদুল করিম বলেন, খননযন্ত্রগুলো ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। পরে বিষয়টি লিখিতভাবে নির্বাহী হাকিমকে জানানো হয়। এরপর গতকাল মিজানের বিরুদ্ধে মামলা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, খননযন্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি আগে জানতেন না। মামলার তদন্ত চলছে। আর যন্ত্রগুলোর সন্ধানের চেষ্টা চলছে। বাকি খননযন্ত্রগুলো পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, ওই দিন টিলা কাটার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার আরেকটি মামলা করেছে সিলেটের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা। আসামিরা হলেন সালাম মশরুর, সিরাজুল ইসলাম, শাফিকুর রহমান ও সেবুল আহমেদ। তাঁরা ভূমিমালিক।