জব্দ করা গাড়িগুলো নষ্ট হচ্ছে
বগুড়ার শেরপুর পুলিশের জব্দ করা গাড়ি রক্ষণাবেক্ষণের কোনো ছাউনি নেই। মূল্যবান এসব গাড়ি পড়ে থাকে থানা চত্বরে খোলা আকাশের নিচে। এতে অনেক গাড়ি মরিচা পড়ে নষ্ট হচ্ছে।
শেরপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা গাড়িগুলোর মধ্যে দুটি ব্যক্তিগত গাড়ি, একটি জিপ গাড়ি, একটি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪টি মোটরসাইকেল রয়েছে। জিপ গাড়ি ও ব্যক্তিগত গাড়ি ২০০৭ ও ২০০৯ সালে জব্দ করে পুলিশ। সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ওই সব গাড়িতে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে পুলিশ মাদকদ্রব্যসহ গাড়িগুলো জব্দ করে। অটোরিকশা ও মোটরসাইকেলগুলো ২০১১ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত চোরাই সন্দেহে জব্দ করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, থানার ভেতরে রাখা গাড়িগুলো মরিচা ধরে নষ্ট হচ্ছে। এগুলোর ওপর গাছের ডালপালা ভেঙে পড়ে আছে। এ ছাড়া, বৃষ্টির পানি ও থানা ভবনের শৌচাগার থেকে বের হওয়া নোংরা পানি লেগে এসব যানবাহনে মরিচা ধরছে। মোটরসাইকেলগুলো কিছুটা যত্নে রাখা হলেও মরিচা ধরে নষ্ট হওয়ার পথে।
শেরপুরে গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানের মালিক রণজিৎ কৈরী জানান, থানা চত্বরে থাকা যানবাহনগুলোর বেশির ভাগের মূল্যবান যন্ত্রাংশ মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। জব্দ করার সময় অটোরিকশা ছাড়া প্রতিটি গাড়ির মূল্য ছিল কমপক্ষে পাঁচ লাখ টাকা।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, জব্দ করা গাড়িগুলোর মামলা আদালতে বিচারাধীন। এ কারণে এসব গাড়ি নিলামে তোলাও সম্ভব হয়নি। তবু আদালতে নিলামের জন্য আবেদন করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী প্রথম আলোকে বলেন, ‘এসব গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি উদ্যোগে ছাউনি নির্মাণ করা যেতে পারে। কিন্তু ছাউনি নির্মাণে আমাদের কোনো তহবিল নেই।’