জব্দ করা গাড়ি ব্যবহারের অনুমতি পেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু এ কারণ দেখিয়ে মামলার আলামত হিসেবে জব্দ করা বিভিন্ন গাড়ি ব্যবহার করতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকার কয়েকটি আদালত পুলিশকে দাপ্তরিক কাজে এসব গাড়ি ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এগুলোর মধ্যে আছে জিপ ও ব্যক্তিগত গাড়ি। তবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলার আলামত কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা বিকৃত করা যায় না।

>* আদালতে ২০০ গাড়ি ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন * অনুমতি দিয়েছেন ৩৮টি গাড়ির, বাকিগুলো বিবেচনাধীন

আদালত সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে মামলার আলামত হিসেবে জব্দ করা ২০০ গাড়ি ব্যবহারের অনুমতি
চেয়ে ঢাকার আদালতে আবেদন করা হয়। এখন পর্যন্ত ৩৮টি গাড়ি ব্যবহারের অনুমতি দিয়েছেন ঢাকার বিভিন্ন আদালত। বাকি আবেদনগুলোও বিবেচনাধীন। ইতিমধ্যে মামলার আলামত হিসেবে জব্দ করা কয়েকটি গাড়ি ব্যবহারের জন্য রাজারবাগ পুলিশ লাইনে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, প্রতিটি মামলার তদন্তকারী কর্মকর্তার বিবেচনায় আলামতের গাড়ি ব্যবহারের জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ গাড়িগুলো ব্যবহার করলে সেগুলো ভালো থাকবে।
গাড়ি ব্যবহারের জন্য পুলিশের পক্ষ থেকে করা আবেদনেও বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের চাহিদার তুলনায় গাড়ির সংখ্যা অনেক কম। আর গাড়িগুলো খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হচ্ছে। সেগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হলে পুলিশের কাজের গতি বৃদ্ধি পাবে। গাড়িও সচল থাকবে।
গাড়ি ব্যবহারের আবেদন মঞ্জুর করে আদালত বলেছেন, ‘গাড়ি দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় গাড়ির গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গাড়িগুলো সচল রাখার জন্য সেগুলো সরকারি কাজে সীমিত আকারে ব্যবহারের অনুমতি দেওয়া হলো।’
জব্দ করা কোনো কোনো গাড়ি চুরি যাওয়ার পর উদ্ধার, কোনোটি মাদক বহনের অভিযোগে আটক, আবার কিছু কিছু গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আদালত সূত্র নিশ্চিত করেছে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বরাবর আবেদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (পরিবহন) আবদুল কুদ্দুস ও উপকমিশনার (অপরাধ ও তথ্য) এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফৌজদারি অপরাধবিষয়ক আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়ি পুলিশ ব্যবহার করতে পারে না। আদালতও এ অনুমতি দিতে পারেন না। জব্দ করা গাড়ি মামলার আলামত। এই আলামত নষ্ট হয়ে যেতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, সরকারি কাজে মামলার জব্দ করা গাড়ি ব্যবহার করা হলে মানুষ চরম হয়রানির শিকার হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অাসামি নিের্দাষ হিসেবে বিবেচিত হয়। আর বিচার শেষ হওয়ার পর আসামি যদি খালাস পায়, গাড়ি ব্যবহারের খেসারত কে দেবে?