জব্দ করা চাল আইনি ব্যবস্থা ছাড়া ফেরত
বগুড়ার ধুনট উপজেলায় সাড়ে তিন মাস পর গত বুধবার জব্দ করা ১০ টাকা কেজি দরের ২১ বস্তা চাল আইনি ব্যবস্থা ছাড়াই এক ব্যবসায়ীকে ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) গুদাম থেকে বুধবার দুপুরে ওই চালগুলো ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল কার্ডধারীদের কাছ থেকে উপজেলার ভুতবাড়ি গ্রামের ব্যবসায়ী সোলায়মান আলী ও তাঁর জামাতা মোকলেসুর রহমান ক্রয় করে নিজ বাড়িতে রাখেন। সেখান থেকে গত বছর ১৮ নভেম্বর সন্ধ্যায় চালগুলো পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ২১ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে এ সময় কৌশলে পালিয়ে যান ওই দুজন। পরে জব্দ করা চালগুলো ভান্ডারবাড়ি ইউপি গুদামে সংরক্ষণ করা হয়েছিল। এরপর ব্যবসায়ী মোকলেসুর ওই চালগুলো তাঁর বলে দাবি করে ইউএনওর কাছে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে চালগুলো তাঁকে ফেরত দেওয়া হয়েছে।
ব্যবসায়ী মোকলেসুর মুঠোফনে বলেন, ‘১০ টাকা কেজি দরের চালগুলো কার্ডধারীদের কাছ থেকে কিনেছিলাম। কিন্তু স্থানীয় কতিপয় ব্যক্তি প্রশাসনকে ভুল তথ্য দিয়ে চালগুলো জব্দ করেছিল। পরে ইউএনওর সঙ্গে যোগাযোগ করে চালগুলো ফেরত নিয়েছি।’
ভান্ডারবাড়ি ইউপির চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘ইউএনওর নির্দেশে ব্যবসায়ীকে চালগুলো বুঝিয়ে দিয়েছি।’