জব্দ করা জেব্রাগুলো ছাড়া হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

যশোরের শার্শা উপজেলায় গরুর হাট থেকে জব্দ করা জেব্রা আটটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছাড়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পার্কের কোয়ারেন্টাইন জোনে এসব ছাড়া হয়। গত মঙ্গলবার শার্শার একটি হাট থেকে নয়টি জেব্রা জব্দ করা হয়। পরে একটি জেব্রা মারা যায়।
দুপুরে সরেজমিনে সাফারি পার্কে দেখা যায়, দুটি হলুদ রঙের কাঠের বাক্সে বন্দী জেব্রাগুলো সাফারি পার্কের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রাণীগুলো নিয়ে এসেছেন খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মোশারফ হোসেন ও একই পদের আশরাফুল ইসলাম। এসব প্রাণী সাফারি পার্কের পক্ষে বুঝে নেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন। দুটি বাক্স ক্রমান্বয়ে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে নামিয়ে নির্দিষ্ট এলাকায় রেখে বাক্সের মুখগুলো খুলে দেওয়া হয়। দীর্ঘদিনের বন্দিদশা কাটিয়ে প্রাণীগুলো স্বাচ্ছন্দ্যে বেরিয়ে আসে পার্কের ঘন ঘাসে ভরা কোয়ারেন্টাইনে। এসব জেব্রাকে মুক্ত করে প্রথমেই খাদ্য দেওয়া হয়। এর আগে জেব্রাবাহী গাড়িটি বেলা সাড়ে ১১টায় পার্কে পৌঁছায়।

সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন বলেন, জব্দকৃত জেব্রাগুলো দক্ষিণ আফ্রিকান প্রজাতির। আটটি জেব্রার মধ্যে একটি পুরুষ আর বাকি সাতটি নারী। এদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। দীর্ঘ ভ্রমণে এরা কিছুটা ক্লান্ত থাকায় এদের প্রথমে কিছু বিশেষ খাবার দেওয়া হবে। বাক্স থেকে বের হওয়ার সঙ্গে-সঙ্গে এদের পানির সঙ্গে গ্লুকোজ দেওয়া হয়েছে। এগুলো তিন সপ্তাহ ধরে পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ মনে হলেই কোর সাফারির নির্দিষ্ট অঞ্চলে অন্যান্য জেব্রার পালের সঙ্গে ছেড়ে দেওয়া হবে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, বিদেশ থেকে বন্যপ্রাণী আমদানি করলে প্রি-সাইটিস পারমিশন সার্টিফিকেট প্রয়োজন হয়। এই সার্টিফিকেট পেলে নিশ্চিত হওয়া যায় যে প্রাণীগুলো রোগমুক্ত ও আমদানি-রপ্তানির জন্য বৈধ। যেহেতু অবৈধভাবে আমদানি করা তাই এসবের গায়ে কোনো ভাইরাস আছে কিনা তা নিশ্চিত নয়। ফলে জেব্রাগুলো তিন সপ্তাহ ধরে কোয়ারেন্টাইন জোনে রাখা হবে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা জেব্রা বা এই জাতীয় প্রাণীর শরীরে আফ্রিকান হর্স ডিসিজ নামের একটি ভাইরাস থাকার আশঙ্কা থাকে। যা খুবই সংক্রামক। তাই পার্কে পূর্বে থাকা জেব্রাগুলো এ ধরনের ভাইরাসের হুমকি থেকে নিরাপদ রাখতে প্রথমেই জব্দকৃত আটটি জেব্রাকে পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে যশোরের শার্শা উপজেলার সাতমাইল এলাকার একটি গরুর হাট থেকে (খাটাল) থেকে নয়টি জেব্রা জব্দ করে গোয়েন্দা পুলিশ। পরে জেব্রাগুলো পরিবহনের সময় একটি জেব্রা মারা যায়। জেব্রাগুলো জব্দের পর তা সংরক্ষণের জন্য প্রাথমিকভাবে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে তা অবমুক্ত করার জন্য গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে আসা হয়।