জব্দ করা তার পিজিসিবি রংপুর কার্যালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে জব্দ করা বিদ্যুতের এক ট্রাক অ্যালুমিনিয়াম তার পাওয়ার গ্রিড কোম্পানিজ অব বাংলাদেশ (পিজিসিবি) রংপুর কার্যালয়ের। আসামিরা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ তথ্য দিয়েছেন। তবে পিজিসিবি রংপুরের কর্মকর্তারা বলছেন, এ তারগুলো তাঁদের নয়।
পীরগঞ্জ থানার পুলিশ জানায়, ৭ ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকটি জব্দ করা হয়। পরে কাগজপত্র যাচাই করে সন্দেহ হলে ট্রাকের চালকসহ তিনজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকচালক পীরগঞ্জ উপজেলার কসা রানীগঞ্জ এলাকার আবু সাঈদ (৪৮), তাঁর সহকারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের সুমন মিয়া (৩২) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিবপুর গ্রামের টিপু সেন। টিপু সেন বলেন, এ তারগুলো তিনি কিনেছেন। তাঁর কাছে ক্রয়ের একটি চালানও পাওয়া যায়।
৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘কোটি টাকা মূল্যের বিদ্যুতের তারসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা ২০ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই ৩ জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত বৃহস্পতিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রিমান্ডের সময় পুলিশকে বলেছেন, ট্রাকে মোট ২২ হাজার ৭০০ মিটার তার রয়েছে, যার দাম ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। অ্যালুমিনিয়ামের তারগুলো পাওয়ার গ্রিড কোম্পানিজ অব বাংলাদেশের (পিজিসিবি) রংপুর কার্যালয়ের।
ওসি আরও বলেন, এই তারগুলো পিজিসিবি অফিস থেকেই স্বাক্ষর জাল করে বের করা হয়েছে। এর সঙ্গে ওই কার্যালয়ের কর্মকর্তা এবং কার্যালয়ের বাইরের একটি সংঘবদ্ধ চক্র জড়িত আছে। তবে মামলার তদন্ত এখনো শেষ না হওয়ায় আর কিছু বলা সম্ভব হচ্ছে না।
পিজিসিবি রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী বলেন, এসব তার তাঁদের না। তাঁদের নিজস্ব গুদাম আছে। সেটা তালাবদ্ধ থাকে। তার জব্দ হওয়ার কথা শুনে তাঁরা গুদামের মালামাল পরীক্ষা করে দেখেছেন। সেখান থেকে কিছুই খোয়া যায়নি। আর পুলিশের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পুলিশ তদন্তের জন্য তাঁদের কাছে এসেছিল। পুলিশকে তাঁরা তাঁদের বক্তব্য জানিয়েছেন। চালানে পাওয়া স্বাক্ষর তাঁদের কার্যালয়ের কারও নয়।