অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ পোড়ানোর সময় দুজন সরকারি কর্মকর্তা-কর্মচারী আগুনে দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার ফাজিলপুরে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শামছুল আলম (৫০) ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের এমএলএসএস তপন চন্দ্র দাস (৪০)।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেলুল কাদের বলেন, ফাজিলপুর এলাকায় মুহুরী নদী থেকে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি সেখানে অভিযান চালান। বালু উত্তোলনকারীরা বিষয়টি টের পেয়ে দ্রুত খননযন্ত্রগুলো (ড্রেজার) সরিয়ে নেন। পরে তিনি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৬০০ ফুট প্লাস্টিকের পাইপ জব্দ করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। তিনি বলেন, মো. শামছুল আলম ও তপন চন্দ্র দাস জব্দ করা পাইপগুলোতে কেরোসিন ঢেলে আগুন ধরানোর সময় তাঁদের শরীরে আগুন ধরে যায়।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছরওয়ার জাহান জানান, দগ্ধ দুজনকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তিনি জানান, শামছুল আলমের শরীরের প্রায় ৩০ শতাংশ ও তপন চন্দ্রের শরীরের ৬-৭ শতাংশ দগ্ধ হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, দগ্ধ দুই কর্মকর্তা-কর্মচারীর চিকিৎসায় সব ধরনের সহায়তা দেওয়া হবে।