জব্দ করা মালামাল বিক্রির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কাজীপাড়ায় শীতল এন্টারপ্রাইজ নামের জাহাজভাঙা কারখানায় পুলিশের জব্দকৃত ‘ম্যাগনেটিক নিকেল শিট’ বিক্রির চেষ্টা করেছে মালিকপক্ষ। কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালামাল পুনরায় জব্দ করে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এসব মাল বিক্রির জন্য ছয়টি ট্রাকে তোলা হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পুলিশ জানায়, জাহেদ হোসেন নামের এক ব্যবসায়ী ওই কারখানা থেকে স্ক্যাপ জাহাজের ছয়টি ডেকের ২৪০ টন ম্যাগনেটিক নিকেল শিট কেনার জন্য কারখানার মালিক মো. দিদারুল আলমের সঙ্গে চুক্তি করেছিলেন। এ নিয়ে মামলার পর আলামত হিসেবে এসব মাল জব্দ করা হয়েছিল।

 জাহেদ হোসেন জানান, চুক্তি অনুযায়ী চার ধাপে সাড়ে ২৪ টন নিকেল শিট তাঁকে সরবরাহ করে মালিকপক্ষ। কিন্তু আন্তর্জাতিক বাজারে নিকেল শিটের দাম বেড়ে যাওয়ায় গত ৩ মার্চ বাকি সরবরাহ বন্ধ করে দেন দিদারুল আলম। এ ঘটনায় কারখানার মালিক মো. দিদারুল আলমসহ ২৫ জনকে আসামি করে তিনি ৪ মার্চ মামলা করেন। রোববার রাতে শীতল এন্টারপ্রাইজ মালামাল অন্যত্র সরবরাহের সময় তিনিই পুলিশকে খবর দেন বলে জানান।

পুলিশ জানায়, ওই মামলার কার্যক্রম বাতিলের জন্য দিদারুল আলম হাইকোর্টে যান। ৭ মে হাইকোর্ট এই মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দেন।

এ বিষয়ে দিদারুল আলম জানান, মামলাটির ওপর উচ্চ আদালত ছয় মাসের স্থগিতাদেশ দেন এবং কেন মামলাটি বাতিল করা হবে না—এই মর্মে রুল জারি করেন। এরপর মামলার কার্যকারিতা আর নেই বলে দাবি করেন তিনি।

তবে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, শীতল এন্টারপ্রাইজ মামলার ওপর স্থগিতাদেশ এনেছে। কিন্তু মামলা নিষ্পত্তি হয়নি। যেহেতু নিকেল শিট জব্দ করা হয়েছে, তাই আদালত থেকে বিক্রির আদেশ না আনা পর্যন্ত তা পুলিশের হেফাজতে থাকবে।