জব্দ করা শাড়ি, থ্রিপিস নিয়ে থানায় লঙ্কাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাকারবারিদের কাছ থেকে জব্দ করা শাড়ি ও থ্রিপিস ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া থানার একজন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরেকজন এএসআই ও পুলিশ সদস্যকে (কনস্টেবল) প্রত্যাহার করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার গত রোববার বিকেলে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।কলরোয়া থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা কালাম গত শুক্রবার রাতে একটি মামলার তদন্তের জন্য কলরোয়া থানায় আসেন। তদন্ত শেষে রাত একটার দিকে তিনি সাতক্ষীরায় ফেরার পথে তাঁর গাড়ির সামনে মোটরসাইকেলের একটি বহর দেখতে পান। এ সময় তিনি দুটি মোটরসাইকেলসহ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেন। জব্দকৃত শাড়ি কলারোয়া থানায় জমা দিয়ে তিনি সাতক্ষীরায় ফিরে যান।নাম প্রকাশ না করার শর্তে জব্দ করা শাড়ি ও থ্রিপিসের মালিক কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের দুজন চোরাকারবারি দাবি করেন, থানা পুলিশের সঙ্গে তাঁদের মাসিক চুক্তি রয়েছে। তাঁদের কাছে স্লিপ আছে। সেদিন তাঁরা ২০-২৫টি মোটরসাইকেলে করে ভারত থেকে চোরাইপথে পণ্য আনছিলেন। এর মধ্যে দুটি মোটরসাইকেলসহ ২৬০টি ভারতীয় উন্নতমানের শাড়ি ও ১৭৫টি থ্রিপিস জব্দ করে পুলিশ।নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ওই রাতে শাড়ি ও থ্রিপিস নিয়ে শুরু হয় লঙ্কাকাণ্ড। কে কয়টা শাড়ি ও থ্রিপিস নেবেন, তা নিয়ে শুরু হয় টানাটানি। গত শনিবার বেলা ১১টার দিকে থানার ভেতরে ১০টি শাড়ি নিয়ে এএসআই আলমগীর হোসেন ও স্বপন বিশ্বাসের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ঘটনা ফাঁস হয়ে যায়।এ ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী গত রোববার বিকেলে কলারোয়া থানায় তদন্তে যান। তদন্তকালে তিনি দেখতে পান, শুক্রবার রাতে সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফার জব্দকৃত পণ্যের তালিকায় দেখানো হয়েছে ১৩০টি শাড়ি ও ৬৪টি থ্রিপিস। কিন্তু মালখানায় গিয়ে দেখতে পান, সেখানে ১৯৫টি শাড়ি ও ১০০টি থ্রিপিস রয়েছে।কলারোয়া থানার এসআই তারক বিশ্বাস বলেন, ‘কর্তার ইচ্ছায় কর্ম। ওসি স্যারই জব্দ তালিকায় কম দেখিয়েছেন। তিনি যেভাবে বলেন, আমাদের সেভাবে চলতে হয়।’”কলারোয়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘খামোখা আমাকে জড়াতে চায়।’সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় এসআই তারক বিশ্বাস ও এএসআই স্বপন বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল আলমগীরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।