জব্দ করা সার ধ্বংস করতে লাগবে দুই কোটি টাকা!
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে জব্দ করা রাসায়নিক সার ধ্বংস করা নিয়ে বিপাকে পড়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ফলে তারা একক সিদ্ধান্তে সার ধ্বংস করতে পারছে না। কর্তৃপক্ষ বলছে, আটক করা এক হাজার ২৫০ মেট্রিক টন সার ধ্বংস করতে এখন দুই কোটি টাকার প্রয়োজন। অর্থ বরাদ্দ না পাওয়ায় ওই সার ধ্বংস করা যাচ্ছে না। এ কারণে খোলা আকাশের নিচে দীর্ঘদিন ধরে সারের বস্তাগুলো পড়ে আছে।বন্দরের শুল্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জব্দ করা ভারতীয় সারগুলোর গুণগতমান পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০০৬ সালে ঢাকার মহাখালীতে পাঠানো হয়। সেখান থেকে চিঠি দিয়ে জানানো হয়, সারগুলো ব্যবহার-উপযোগী। এরপর শুল্ক কর্তৃপক্ষ ২০০৭ সালে সারগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। পরের বছর কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারগুলো নিলামে বিক্রি না করার নির্দেশ দেয়। এতে নিলাম-প্রক্রিয়া থেমে যায়। ফলে ২০০৪ সাল থেকে সারগুলো পানামা পোর্টে এবং চেকপোস্টসংলগ্ন সিপি রাস্তার পাশে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে পরিবেশ দূষিত হচ্ছে।বন্দরের কাস্টমস গুদাম কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি, পাঁচবিবি ও জয়পুরহাট সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে ভারত থেকে দেশে পাচার হয়ে আসার পথে র্যাব, পুলিশ ও তৎকালীন বিডিআরের সদস্যরা ওই সার জব্দ করেন। সারের মধ্যে রয়েছে—পটাশ, ইউরিয়া ও ড্যাব।বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মিনহাজ উদ্দীন পাহেলায়ান প্রথম আলোকে বলেন, পরিবেশ মন্ত্রণালয় থেকে জানানো হয়, জব্দ করা প্রতি কেজি সার ধ্বংস করতে ১৭ টাকার ওপরে খরচ হবে। সে হিসাবে এক হাজার ২৫০ মেট্রিক টন সার ধ্বংস করতে এক কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা প্রয়োজন। এ অবস্থায় রাজশাহী কাস্টমস কমিশনারের কাছে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।