জব্দ চোরাই কাঠ ছিনিয়ে নিলেন যুবলীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জব্দ করা কাঠ বনবিট কার্যালয় থেকে ছিনিয়ে নিয়ে গেলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তাঁর সহযোগীরা। এ সময় তাঁরা মোহাম্মদ আলী নামে এক বনপ্রহরীকে মারধর করেন। গত রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের খুরুশিয়া বনবিট কার্যালয়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর কয়েকজন জানান, পাঁচ-ছয়জনের সংঘবদ্ধ চোর রোববার দুপুর ১২টায় সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছের ১২টি রদ্দা কেটে নেয়। যাওয়ার পথে খুরুশিয়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা পদুয়া ইউনিয়নের সুখবিলাস এলাকা থেকে সেগুলো জব্দ করে। কিন্তু বিকেল পাঁচটায় পদুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ১০-১২জন সহযোগী নিয়ে বিট কার্যালয় থেকে কাঠগুলো ভ্যানযোগে নিয়ে আসার চেষ্টা করেন। বাধা দেওয়ায় ইকবাল ও তাঁর সহযোগীরা বনপ্রহরী মোহাম্মদ আলীকে কিলঘুষি, লাথি মেরে আহত করে কাঠ নিয়ে চলে যান। ইকবাল হোসেন বলেন, কাঠগুলো আমি চোরদের কাছ থেকে কিনেছি। তাই বিট কার্যালয় থেকে সেগুলো আমি নিয়ে এসেছি। খুরুশিয়া বনবিট কর্মকর্তা নিশি কান্তি দে বলেন, কাঠগুলো ফেরত নেওয়ার জন্য রাজারহাট বাজারে ইকবালের দোকানে গিয়েছিলাম। কাঠ ফেরত দেওয়া তো দূরের কথা তিনি ও তাঁর সহযোগীরা আমাদের মারধর করার জন্য লাঠি নিয়ে তেড়ে আসেন। ইকবালসহ চারজনের নামে একটি মামলা হয়েছে।