জব্দ তালিকায় মুঠোফোনের কথা বাদ দেওয়া নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন ট্র্যাকিং করে অনেক অপরাধের রহস্য উদ্ঘাটন করার সাফল্য রয়েছে পুলিশের খাতায়। কিন্তু চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে ইলিয়াছকে ৫৮ লাখ টাকা ও মুঠোফোনসহ গ্রেপ্তার করার পর পুলিশ জব্দ তালিকায় সেই মুঠোফোনটির কথা উল্লেখ না করায় নানা প্রশ্ন উঠছে।
গত বৃহস্পতিবার আদালতও মুঠোফোনটি জব্দ তালিকায় না রাখায় পুলিশকে কারণ ব্যাখ্যার (শোকজ) লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেন।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশি তল্লাশিকালে গত মঙ্গলবার ৫৮ লাখ টাকা ও মুঠোফোনসহ ইলিয়াছ ভুঁইয়াকে (৩২) গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানার পুলিশ।
জব্দ তালিকায় মুঠোফোনটির কথা পুলিশ উল্লেখ না করায় ঘটনার রহস্য উদ্ঘাটনে বাধার সৃষ্টি এবং অন্যায় হয়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ।
চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের এক আদেশে উল্লেখ করা হয় নথি পর্যালোচনায় দেখা গেছে, রাষ্ট্রপক্ষ মুঠোফোন উদ্ধারের বিষয়টি জব্দ তালিকায় উল্লেখ করেনি। মুঠোফোন নম্বরটি কেন উল্লেখ করা হয়নি কারণ ব্যাখ্যা নেই। প্রাথমিক তথ্য বিবরণীর জন্য প্রয়োজনীয় তথ্য থাকার পরও নিয়মিত মামলা করা হয়নি—তার কারণ ব্যাখ্যা করা হয়নি। তাই আগামী সোমবার নিয়মিত মামলা না করা এবং মুঠোফোনটি জব্দ তালিকায় উল্লেখ না করার কারণ লিখিত ব্যাখ্যা দিয়ে শুনানির জন্য হাজির হতে কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম ও তদন্ত কর্মকর্তা কামরুজ্জামানকে নির্দেশ দেওয়া হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
জব্দ তালিকায় মুঠোফোনটির কথা কেন উল্লেখ করা হয়নি প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম এখন কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে সোমবার আদালতে কারণ ব্যাখ্যা দেবেন বলে জানান।