জব্দ পাইপ পোড়াতে গিয়ে সরকারি কর্মকর্তাসহ দগ্ধ ২
ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা প্লাস্টিকের পাইপ পোড়াতে গিয়ে সরকারি কর্মকর্তাসহ দুজন দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার ফাজিলপুরে। মুহুরি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহার করা এসব পাইপ জব্দ করা হয়।
দগ্ধরা হলেন, ফাজিলপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা শামছুল আলম (৫০) ও ইউনিয়ন ভূমি কার্যালয় সহায়ক (এমএলএসএস) তপন চন্দ্র দাস (৪০)। আহত শামছুলকে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আর তপন ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেলুল কাদের প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কিছু লোক ড্রেজার ও পাইপ দিয়ে অবৈধভাবে মুহুরি নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। তাঁরই নেতৃত্বে আজ সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তবে আগে থেকে টের পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিনগুলো সরিয়ে নেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহার করা কয়েকটি পাইপ জব্দ করা হয়। আদালত পাইপগুলো ধ্বংস করার নির্দেশ দিলে পেট্রল ঢেলে সেগুলোতে আগুন দেওয়া হয়। এ সময় অসতর্কতাবশত আগুন ছড়িয়ে পড়লে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা ওই দুজন দগ্ধ হন।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছরওয়ার জাহান প্রথম আলোকে বলেন, শামছুল আলমের শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর তপনের শরীরের সামান্য পুড়েছে। তিনি আশঙ্কামুক্ত।