জব্দ ব্যাংক হিসাব খোলাতে ডেসটিনির নানা কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ডেসটিনির ব্যাংক হিসাব জব্দ করা নেই। বৈশাখী টেলিভিশনের ব্যাংক হিসাবও খোলা। তবে ডেসটিনি গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করে রেখেছে বাংলাদেশ ব্যাংক।আর সেগুলোই খুলে দেওয়ার তদবির করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে গতকাল রোববার সাক্ষাৎ করতে গিয়েছিলেন দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিকেরা। কিন্তু অর্থমন্ত্রী তাঁদের সাক্ষাৎ দেননি। পরে অর্থমন্ত্রীর কার্যালয়ে দুপুরে একটি লিখিত আবেদন জমা দিয়ে আসেন তাঁরা। গত ২৪ মে ডেসটিনি গ্রুপের ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দৈনিক ডেসটিনি ও বৈশাখী টেলিভিশন বাদে বাকিগুলোর ব্যাংক হিসাব জব্দ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গত জুলাইয়ে ডেসটিনি গ্রুপের পক্ষ থেকেও ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদন জানানো হয় অর্থ মন্ত্রণালয়ে। খুলে দেওয়া যায় কি না যাচাই করতে দুই সপ্তাহ আগে অর্থ মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সবাই একমত হন যে বিষয়টি নিয়ে যেহেতু আদালতে মামলা রয়েছে, তাই ব্যাংক হিসাব খুলে দেওয়ার ব্যাপারে তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে তার আগেই ডেসটিনির শীর্ষস্থানীয় কর্মকর্তারা ব্যাংক থেকে প্রায় সব টাকা তুলে নেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেসটিনি গ্রুপের প্রধান তিনটি প্রতিষ্ঠানের নামেই ব্যাংকে জমা হয়েছে পাঁচ হাজার ১৩২ কোটি ৪৬ লাখ টাকা। তবে এ টাকা থেকে তুলে নেওয়া হয়েছে পাঁচ হাজার ১১৩ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকে স্থিতি রয়েছে ১৮ কোটি ৫১ লাখ টাকা। এদিকে, ডেসটিনি গ্রুপের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবিতে মাঠে নামানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের। কর্মীরা গতকাল দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। ব্যানারগুলোতে লেখা ছিল ‘তিন হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধের ষড়যন্ত্র বন্ধ কর, আমরা এ দেশের নাগরিক ও ভোটার, আমাদের রুটি-রুজি বন্ধের চক্রান্ত বন্ধ কর, ডেসটিনি পরিবার ঈদবঞ্চিত কেন, রাষ্ট্রপতির সহযোগিতা চাই।’ এর আগে বেলা ১১টায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি বিমান সংস্থা বেস্ট এয়ারের কর্মীরা। প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান লিখিত বক্তব্যে জানান, ডেসটিনি গ্রুপের ব্যাংক হিসাব জব্দ থাকায় বেস্ট এয়ারের ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। জব্দ করা বেস্ট এয়ারের ব্যাংক হিসাবে ৬৫ থেকে ৬৭ কোটি টাকা জমা আছে বলে তিনি দাবি করেন। তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) সূত্র জানায়, বেস্ট এয়ার ২০০৯ সাল থেকেই বন্ধ। এর লাইসেন্স বাতিল করা হয়েছে। বেস্ট এয়ার নামে কোনো বিমান কোম্পানি নেই। একে লাইসেন্স দেওয়ার কোনো সম্ভাবনাও নেই। সংবাদ সম্মেলনে বেস্ট এয়ারের চিফ ফিন্যান্সিয়াল অফিসার কাজী মো. ফজলুল করিম, মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক কাজী রাকিব উদ্দিন আহমেদ, হেড অব ইঞ্জিনিয়ারিং মাহমুদ হাসান, পরিচালক (প্রশাসন) মো. সাহিদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।