জব্দ হচ্ছে সচ্ছলদের কার্ড, পাবেন দরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ড পেয়েছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের স্বজনেরা। কার্ডধারী অনেকে বিত্তবান। আবার নিয়ম ভেঙে অতিরিক্ত কার্ড বিলি করা হয়েছে। তদন্তে মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন।
এসব অনিয়মের প্রমাণ পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের চলতি নভেম্বরের চাল উত্তোলন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন। নির্দেশ অনুযায়ী, আগে বাড়তি কার্ড প্রত্যাহার ও সচ্ছলদের কার্ড ফেরত নিয়ে হতদরিদ্র মানুষকে দেওয়া হবে। তারপরই চাল তুলে বিতরণ করতে পারবেন ডিলাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ডিলার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির এ কর্মসূচি নিয়ে নানা অভিযোগ পাওয়ায় ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক নিজ উদ্যোগে গোপনে তদন্ত শুরু করেন। তিনি দেখতে পান, উপজেলার ৯টি ইউনিয়নে অনেকে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বজন হওয়ায় কার্ড পেয়েছেন। আবার কোথাও সচ্ছল, দোকানি ও প্রবাসীর পরিবারের সদস্যরা কার্ড পেয়েছেন। তাঁরা ১০ টাকা দরে চাল কিনে দোকানে তা ২৫ টাকা দরে বিক্রি করে দিচ্ছেন। অথচ হতদরিদ্র অনেকে কার্ড পাননি। আবার সরকারি নীতিমালা অনুযায়ী কমলগঞ্জের ৯টি ইউনিয়নে মোট ৫ হাজার ২৪৪টি কার্ড বিতরণের কথা। কিন্তু বিতরণ হয়েছে ৬ হাজার ৩৮৭টি।
খাদ্যবান্ধব কর্মসূচির নানা অনিয়মের অভিযোগের বিষয় নিয়ে ইউএনও ৬ নভেম্বর উপজেলার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় তিনি এসব অনিয়ম দূর করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, বিতরণ করা অতিরিক্ত কার্ড জব্দ শুরু হয়েছে। পাশাপাশি অনিয়ম করে কতজন সচ্ছল ব্যক্তিকে কার্ড দেওয়া হয়েছে, তা জানতে মাঠপর্যায়ে যাচাইবাছাই শুরু হয়েছে। যাচাইবাছাই শেষে নতুন তালিকা না হওয়া পর্যন্ত ডিলারদের চাল না তোলার নির্দেশনা দিয়েছেন ইউএনও। এর ফলে তাঁরা খাদ্যগুদাম থেকে চলতি নভেম্বর মাসের চাল এখনো তোলেননি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরিফ মোল্লা বলেন, প্রায় সব ইউনিয়নে জনপ্রতিনিধিরা কার্ড বিতরণে অনিয়ম করেছেন। সেগুলো ফেরত নিয়ে প্রকৃত দুস্থ ও দরিদ্র মানুষকে দেওয়া হবে। আর সরকারি নির্দেশনা সঠিকভাবে না বুঝে কমলগঞ্জে অতিরিক্ত ১ হাজার ১৪৩টি কার্ড বিতরণ করা হয়। সেগুলো আনুপাতিক হারে সব ইউনিয়ন থেকে প্রত্যাহার করা হবে।
অতিরিক্ত কার্ড প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর ইউপির চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, তাঁর ইউনিয়ন থেকে ১৫৬টি কার্ড প্রত্যাহার হচ্ছে। আলীনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, তাঁর ইউনিয়ন থেকেও ১৩৫টি কার্ড প্রত্যাহার হচ্ছে।
কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক অতিরিক্ত কার্ড বিতরণ ও বিতরণে অনিয়মের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটি যাচাইবাছাই করে কার্ডধারী লোকজনের নতুন তালিকা তৈরি করবে।