জব্বার ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় পার্টির নেতা ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সাংসদ এম এ জব্বার ও তাঁর ছেলে মাহবুব হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন এ অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, গত ১৩ অক্টোবর রাজধানীর রমনা থানায় সাবেক সাংসদ জব্বার ও তাঁর ছেলের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক। ওই দুই মামলার আলাদা অভিযোগপত্রে তাঁদের বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, গত বছরের ৭ এপ্রিল এম এ জব্বার দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ৪ কোটি ৯৯ লাখ ৫ হাজার ৪৮৮ টাকার সম্পদ উল্লেখ করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর আরও ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অন্যদিকে তাঁর ছেলে মো. মাহবুব হোসেন দুদকে ১৮ লাখ ৭৪ হাজার ৫০০ টাকার সম্পদের বিবরণী দাখিল করলেও অনুসন্ধানে সাড়ে ১৯ লাখ টাকার সম্পদের প্রমাণ মেলে। দুজনেরই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে এবং তথ্য গোপন করেছেন।
দুদক সূত্র জানায়, মামলার পর দুদকের তদন্তেও এসব অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন অভিযোগপত্রের অনুমোদন দেয়। শিগগির মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেবেন।