জব্বারকে পলাতক ঘোষণা, বিচার চলবে অনুপস্থিতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের ইঞ্জিনিয়ার আবদুল জব্বারকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুলাই দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আবদুল জব্বারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আসামির অনুপস্থিতিতে বিচার সহজ নয় উল্লেখ করে ট্রাইব্যুনাল এই মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমামকে বলেন, মামলার বিষয়ে ভালো প্রস্তুতি থাকতে হবে। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে জ্যেষ্ঠ কৌঁসুলিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে।
এ নিয়ে আসামিকে পলাতক ঘোষণা করে চতুর্থ কোনো মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। এর আগে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ, আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান এবং বিএনপির নেতা এম এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলার বিচার হয়েছে তাঁদের অনুপস্থিতিতে।