জব্বারের অনুপস্থিতিতে বিচার শুরু করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের আবদুল জব্বারকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০ জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেপ্তার করতে পারেনি। আইন অনুযায়ী, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি তিনি। এ জন্য তাঁকে পলাতক ঘোষণা করা হলো। তাঁর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে নিয়োগ করেছেন ট্রাইব্যুনাল। তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আসামিপক্ষে আইনি লড়াই চালাবেন।

আবদুল জব্বারের বিরুদ্ধে গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিত করা এবং ৫৫০টি বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তিনি ইঞ্জিনিয়ার আবদুল জব্বার হিসেবে পরিচিত।

আবদুল জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আমলে নিয়ে গত ১২ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

গত রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম জব্বারকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরুর আরজি জানান ট্রাইব্যুনালে।

জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম তাঁর অনুপস্থিতিতে চলবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল-১।