জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম তাঁর অনুপস্থিতিতে চলবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৮ জুলাই (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম গতকাল ট্রাইব্যুনালকে বলেন, আবদুল জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আমলে নিয়ে গত ১২ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি আসামিকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরুর আর্জি জানান। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন।
আবদুল জব্বারের বিরুদ্ধে গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে রাষ্ট্রপক্ষ। একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিত করা এবং ৫৫০টি বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তিনি ইঞ্জিনিয়ার আবদুল জব্বার হিসেবে পরিচিত।
আজহারুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলীকে ষষ্ঠ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। তাঁকে জেরা শেষে আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যার বিষয়ে শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়।
এই মামলায় আসামিপক্ষ ১৫ জন সাক্ষীর একটি তালিকা দিয়েছে। রাষ্ট্রপক্ষ ওই তালিকা বাতিল চেয়ে আবেদন করেছে। আজ ওই আবেদনের বিষয়ে শুনানি হবে।