মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা দাবি করেছে, পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযুদ্ধে কয়েক শ হিন্দু ধর্মাবলম্বীকে ধর্মান্তরে বাধ্য করার সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ আবদুল জব্বারের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিন প্রথম আলোর কাছে এ দাবি করেন।
আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্মান্তরকরণের অভিযোগ তদন্তে গত শনিবার হেলালউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি দল তৃতীয় দফা মঠবাড়িয়া যায়। রোববার তদন্ত দলটি উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গ্রামে সংঘটিত গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগস্থল পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জবানবন্দি নেয়। দলটি সোমবার বড় মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রাম ও ধানী সাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে কয়েক শ হিন্দু ধর্মাবলম্বীকে ধর্মান্তর করার অভিযোগ তদন্ত করে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম উপস্থিত ছিলেন।
তদন্ত শেষে গতকাল হেলালউদ্দিন দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় খেজুরবাড়িয়া গ্রামের ৬০ থেকে ৭০ জন ও ফুলঝুড়ি গ্রামের ২০০ থেকে ২৫০ জন হিন্দু ধর্মালম্বীকে ধর্মান্তরে বাধ্য করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানা শান্তি কমিটির সভাপতি আবদুল জব্বার ও স্থানীয় রাজাকার বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।