জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী আবদুল কুদ্দুস মাতব্বর। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে জব্বারের নির্দেশে আঙ্গুলকাটা গ্রামের ২২ জন হিন্দুকে গুলি করে হত্যা করা হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল এই মামলার কার্যক্রম শুরু হলে প্রথমে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শোয়েবুর রহমান গোলদারকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান। এরপর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী আবদুল কুদ্দুস (৫৯)। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে। তিনি গৃহস্থালির কাজ করেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আবদুল জব্বারের নেতৃত্বে ৪০-৫০ জন রাজাকার মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামের ৩৭ জন হিন্দুকে আটক করে। তাঁদের মধ্যে সাতজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে সূর্যমণি গ্রামের নদীর পাড়ে নিয়ে গুলি করা হয়। তাঁদের মধ্যে ২২ জন ঘটনাস্থলে মারা যান, আটজন গুলিতে গুরুতর আহত হন।
আবদুল কুদ্দুস তাঁর জবানবন্দিতে প্রথম সাক্ষীর অনুরূপ বক্তব্য দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৭ মে সকালে মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনার সঙ্গে জব্বারের সংশ্লিষ্টতা ছিল। ওই দিন জব্বারের নির্দেশে ফুলঝুড়ি গ্রামের সারদা কান্ত পাইককে তিনি গুলি করে হত্যা করতে দেখেছেন। পরে পাকিস্তানি সেনা ও রাজাকাররা ওই গ্রামের ৩৬০টি ঘরবাড়ি লুট করে জ্বালিয়ে দেয়।
জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।