জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। লালদীঘি মাঠ ও আশপাশের এলাকায় এ মেলা বসে। চার দিনব্যাপী এ মেলার মূল আকর্ষণ বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতা হবে আগামী বৃহস্পতিবার বিকেলে। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলা এলাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গতকাল সোমবার থেকে আসতে শুরু করেছেন। আয়োজক কমিটি জানায়, বলীখেলা এবার পা দিয়েছে ১০৪ বছরে। ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উৎসাহিত করতে ১৯১০ সালে বকশিরহাটের আবদুল জব্বার সওদাগর এ বলীখেলার প্রবর্তন করেন। সেই থেকে প্রতিবছর এ বলীখেলা ও মেলা চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এ মেলাকে হরতালের আওতামুক্ত রাখারও অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি। বলীখেলা ও বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, মেলার সময় এক দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টা হরতালের কারণে দূর-দূরান্তের অনেক ব্যবসায়ী আসতে পারছেন না। চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছে মেলা কমিটি। এর অংশ হিসেবে কমিটি গতকাল নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি বিবেচনার আহ্বান জানায়। জামায়াতে ইসলামীর কাছেও একই অনুরোধ জানানো হয়েছে। ২৬ এপ্রিল মেলা শেষ হবে। কিন্তু সেই দিন লালদীঘি মাঠে হেফাজতে ইসলামের পূর্বনির্ধারিত সমাবেশ হওয়ার কথা ছিল। মেলা কমিটির অনুরোধে ইতিমধ্যে তাঁরা সমাবেশ অন্যত্র নেওয়ার চিন্তা করছেন বলে জহরলাল হাজারী জানান।