জব্বারের বলীখেলা কাল বৈশাখী মেলা আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের লালদীঘি মাঠে কাল সোমবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জব্বারের কুস্তি প্রতিযোগিতা বা বলীখেলা। আজ রোববার থেকে শুরু হচ্ছে বলীখেলা উপলক্ষে তিন দিনের বৈশাখী মেলা। এবার বলীখেলা ও মেলার স্পনসর হিসেবে রয়েছে গ্রামীণফোন।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বলীখেলা ও মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি জহরলাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার, গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ ও হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল।
ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের উৎসাহিত করতে ১৯০৯ সালে বকশিরহাটের আবদুল জব্বার সওদাগর বলীখেলার প্রবর্তন করেছিলেন। সেই থেকে জব্বারের বলীখেলা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর বাংলা বর্ষপঞ্জির ১২ বৈশাখ এ মেলা অনুষ্ঠিত হয়। এবার বলীখেলার ১০৭তম আসর বসছে। সোমবার বেলা তিনটা থেকে বলীখেলা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। বিশেষ অতিথি থাকবেন গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ বলেন, জব্বারের বলীখেলা চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি। এই সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পেরেছে গ্রামীণফোন। হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, শত বছরের ঐতিহ্যবাহী বলীখেলাকে ঘিরে এই অঞ্চলের মানুষের আবেগ-অনুভূতির সঙ্গে একাত্ম হতে এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রামীণফোন।
কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, মেলাকে ঘিরে লালদীঘি মাঠের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় বিভিন্ন পণ্যের মেলা বসে। মেলায় আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে পুলিশ।