জব্বারের বলীখেলা হবে বসবে না মেলা
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা উপলক্ষে এবার মেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। শুধু বলীখেলার আয়োজন করা যাবে বলে আয়োজকদের জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রতিবছর ২৫ এপ্রিল নগরের লালদীঘি ময়দানে বলীখেলা হয়। বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘির পাড়, আন্দরকিল্লা, সিনেমা প্যালেসসহ আশপাশের এলাকায় বৈশাখী মেলা বসে। ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মেলার প্রস্তুতি নিয়েছিল আয়োজকেরা। তবে শেষ মুহূর্তে ২৮ এপ্রিল সিটি নির্বাচনের কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুলিশ মেলার অনুমতি বাতিল করেছে।
বলীখেলা ও বৈশাখী মেলা উদ্যাপন কমিটির সভাপতি জহরলাল হাজারী বলেন, ‘পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল। হঠাৎ করে অনুমতি বাতিল করেছে। দূর-দূরান্ত থেকে বিক্রেতারা আসতে শুরু করেছেন। আমরা পুলিশ প্রশাসনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাব।’