জব্বারের বলীখেলায় এবারও সেরা আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালদীঘি মাঠের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা এখনো এ অঞ্চলের বাঙালি সংস্কৃতি ও বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার বড় বিজ্ঞাপন। তাই এই খেলার টানে প্রতিবছর দূরদূরান্ত থেকে পেশাদার ও শৌখিন কুস্তিগিরেরা ছুটে আসেন লালদীঘির প্রতিযোগিতায়।এমনই একজন তরুণ আসিফ ইমরান। সুদূর আবুধাবি থেকে প্রাণের টানে ছুটে এসেছেন তিনি। খেলা শুরুর আধা ঘণ্টা পরে এসে তিনি কমিটির কাছে আবদার করলেন, ‘আমি বলীখেলায় অংশ নিতে আবুধাবি থেকে দেশে ফিরেছি। আমাকে একটু সুযোগ দিন।’আসিফ শেষ পর্যন্ত না জিতলেও জয় হয়েছে প্রাণের মেলা ও বলীখেলার। আর এতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের টেকনাফের আলম বলী। তিনি কুমিল্লার জসিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এবার বৈশাখী মেলা ও জব্বারের বলীখেলার পৃষ্ঠপোষকতায় ছিল বাংলালিংক। চ্যানেল আই এই প্রতিযোগিতা লালদীঘি মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে।বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় বলীখেলা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই খেলা। এবারের আসরে মোট ৬৮ জন বলী অংশ নেন। তাঁদের মধ্যে বিভিন্ন বয়সের বলী ছিলেন। ছিলেন বাকপ্রতিবন্ধীও। ৭২ বছর বয়সী নুরুচ্ছফা তাঁর চেয়ে কম বয়সের এক বলীকে হারিয়ে নাচতে নাচতে ঘোষণামঞ্চের সামনে চলে আসেন। এই বয়সে তিনি রাঙ্গুনিয়া থেকে বলীখেলার টানে ছুটে এসেছেন লালদীঘি মাঠে।পিছিয়ে ছিল না শিশু বলীরাও। নগরের অক্সফোর্ড মডার্ন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এনামুলও প্রতিযোগিতায় অংশ নেয়। সে তার সমবয়সী আরেক খুদে বলীকে হারিয়ে পুরস্কার পায়। টেকনাফের বাকপ্রতিবন্ধী পঞ্চাশোর্ধ্ব বুলু বলীখেলার মঞ্চে উঠলেন প্রাণের টানে।প্রথম রাউন্ডে জয়ী হন ৩৪ জন। এরপর শুরু হয় চ্যালেঞ্জ রাউন্ডের খেলা। সেখানে কুমিল্লার জসিম উদ্দিন হারান মহেশখালীর হোসেনকে। একইভাবে গতবারের রানারআপ লিয়াকতকে হারিয়ে ফাইনালে ওঠেন গতবারের চ্যাম্পিয়ন আলম। এরপর এক মিনিটের কম সময়ের ফাইনালে আলমের বাজিমাত।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম ও বাংলালিংকের আঞ্চলিক প্রধান ফরহাদ হোসেন। চ্যাম্পিয়ন ও রানারআপের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। এ ছাড়া প্রথম রাউন্ডে বিজয়ীদেরও দেওয়া হয় মেডেল।বারবার যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার গ্লানি মোচনের জন্য গত বছর রামুর দিদার বলী ও মর্ম সিংকে প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছিল মেলা কর্তৃপক্ষ। তার পরও দিদার এসেছিলেন ‘যদি সুযোগ দেওয়া হয়’, এই ভেবে। কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় ছিল। এ কারণে দিদার খেলায় অংশ নিতে পারেননি।খেলা শুরুর আগে অতিথিরা প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন। খেলা চলাকালে সারাক্ষণই ছিল ঢাকঢোলের বোল ও সানাইয়ের সুর। নেচে নেচে প্রত্যেক প্রতিযোগী মঞ্চে ওঠেন। বিজয়ীরা আবার সেই নেচে নেচে মঞ্চ থেকে ঘোষণামঞ্চে আসেন।মেলা উপলক্ষে গত রোববার থেকে লালদীঘি মাঠ ও আশপাশের তিন বর্গকিলোমিটার এলাকায় বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় হস্ত, কুটির শিল্পজাতসহ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে। আজ মঙ্গলবার শেষ হচ্ছে মেলা।