জব্বারের বলীখেলায় নতুন বিজয়ী সামশু বলী

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার ১০৭ তম আসর পেল নতুন বিজয়ী সামশু বলীকে। দশ বারের চ্যাম্পিয়ন দিদার বলীকে হারিয়ে বিজয়ী হয়েছেন সামশু বলী। আজ সোমবার চট্টগ্রামের লালদীঘি মাঠে এই বলীখেলা অনুষ্ঠিত হয়।
প্রতিবছর ১২ বৈশাখ এই বলীখেলা এবং প্রাণের মেলা বসে। মেলাকে ছাপিয়ে সামনে চলে আসে বলীদের যুদ্ধ। এবার মোট ৯৬ জন বলী নিবন্ধন করলেও চ্যাম্পিয়ন রানারআপসহ মোট ৩৯ জন পুরস্কার পেয়েছেন। বাকিদের কেউ নিয়ম কানুনের জন্য বাদ পড়েছেন। আবার কেউ নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। বলীখেলায় কিশোরদের অংশগ্রহণ যেমন ছিল তেমনি ছিল ষাটোর্ধ্ব বলীরাও।
ঢোলের তালে তালে দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বলীখেলা। বলী এবং দর্শকদের মাঝে থাকে টান টান উত্তেজনা। দুটি সেমিফাইনালের জন্য যখন চারজন কুস্তির রিংয়ে উঠলেন তখন দর্শকদের উল্লাস দেখে কে। প্রথম সেমিতে গতবারের চ্যাম্পিয়ন দিদার নারায়ণগঞ্জের হাবিব বলীকে দুই মিনিটের মধ্যেই ফেলে দেন। পরের সেমিতে সামশুর কাছে হেরে যান গতবারের রানার আপ ব্রাহ্মণবাড়িয়ার অলি বলী।
এর পর শুরু হয় চূড়ান্ত যুদ্ধ দিদার ও সামশুর মধ্যে। ৩১ মিনিট ধরে দুজনের লড়াই চলল চরম উত্তেজনার মধ্যে দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত কেউ কাউকে হারাতে পারেননি। পরে কলাকৌশলের দিক থেকে সামশুকে এগিয়ে রেখে বিজয়ী ঘোষণা করেন বিচারকেরা।
বিচারক আবদুল মালেক বলেন, দিদারের চেয়ে সামশুর কৌশল ভালো ছিল। এ ছাড়া দিদার অখেলোয়াড় সুলভ আচরণও করেছেন। তাই সামশুকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ীকে ট্রফিসহ ২০ হাজার এবং রানারআপকে ট্রফিসহ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া ৩৭ জন বিজয়ীকে এক হাজার টাকা এবং ট্রফি দেওয়া হয়।
বিজয়ীর প্রতিক্রিয়ায় সামশু বলেন, ‘আমি আগেও তিনবার এখানে খেলে জিততে পারিনি। এবার পারলাম। ভালো লাগছে।’ সামশু পেশায় কাঠ ব্যবসায়ী।
দিদার মুদি দোকান করেন। বিচারকদের এমন সিদ্ধান্তে দিদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা আমার প্রতি অবিচার হয়েছে।’
সামশু এবং দিদার সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত ডিসি সাহেবের বলীখেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়।
এবারের বলীখেলা পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন। বলীখেলায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। এ ছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল প্রধান এম শাওন আজাদ, আঞ্চলিক প্রধান (বিক্রয়) সিরাজ উদ্দিন লস্কর ও ওয়ার্ড কাউন্সিলর এবং মেলা কমিটির সভাপতি জহরলাল হাজারী।
বলীখেলাকে কেন্দ্র করে তিন দিনব্যাপী মেলায় সোমবার ছিল নারী-পুরুষের প্রচুর ভিড়। মেলায় গৃহস্থালির বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে কী না পাওয়া যায়! দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাঁদের পণ্য সামগ্রী নিয়ে আসেন মেলায়। প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে বসে এই মেলা।
১৯০৯ সালে বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতে এই বলীখেলার আয়োজন করেছিলেন। সেই থেকে এটি জব্বারের বলীখেলা নামে পরিচিত।