জব্বারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এই দিন ধার্য করেন।
আবদুল জব্বারের বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ঋষিকেশ সাহা এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আবুল হাসান। ৮ জুলাই ট্রাইব্যুনাল জব্বারের অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন এবং তাঁর পক্ষে আইনি লড়াই চালানোর জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আবুল হাসানকে নিয়োগ দেন।
পিরোজপুরের মঠবাড়িয়ার ইঞ্জিনিয়ার জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত পাঁচটি অভিযোগ আমলে নিয়ে গত ১২ মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।