একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। ১০ এপ্রিল ইন্টারপোল এ রেড নোটিশ জারি করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় জানায়, গত বুধবার পাঠানো এক চিঠিতে পুলিশ সদর দপ্তর ট্রাইব্যুনালকে এ তথ্য জানায়। গতকাল বৃহস্পতিবার এই চিঠি পায় রেজিস্ট্রারের কার্যালয়।
ইন্টারপোলের জারি করা রেড নোটিশে জব্বারের ব্যক্তিগত নানা তথ্যের পাশাপাশি ট্রাইব্যুনাল-১-এ তাঁর সাজা প্রাপ্তির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। জব্বার বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন বলেও নোটিশে জানানো হয়েছে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ জাতীয় পার্টির সাবেক সাংসদ জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দেন। রায়ে ট্রাইব্যুনাল বলেন, আবদুল জব্বার একাত্তরে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করেছেন। কিন্তু বয়সের বিবেচনায় তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হলো। জব্বারের বিরুদ্ধে গঠন করা পাঁচটি অভিযোগের সবগুলোই ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে।
একাত্তরে পিরোজপুরের মঠবাড়িয়া শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল জব্বার ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ছিলেন।