মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে জাতীয় পার্টির সাবেক সাংসদ মো. আবদুল জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ পরোয়ানা জারি করেন৷
ট্রাইব্যুনাল-১-এ গতকাল আবদুল জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম৷ কেঁৗসুলি এই অভিযোগ আমলে নিয়ে জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আরজি জানান৷ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম গত রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক সাংসদ জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন৷ জব্বারের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, নির্যাতনসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে৷
গত ২৮ এপ্রিল মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জব্বারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে৷ পরে তা ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলির কার্যালয়ে জমা দেওয়া হয়৷ আনুষ্ঠানিক অভিযোগে জব্বারের বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা, প্রায় ২০০ জনকে জোর করে ধর্মান্তরিত করাসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে৷
তদন্ত সংস্থা জানায়, জব্বারের জন্ম মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া গ্রামে৷ তদন্ত সংস্থার কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন৷
এইচআরডব্লিউর বিষয়ে শুনানি ২৫ মে: একই ট্রাইব্যুনাল গতকাল নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য ২৫ মে দিন পুনর্নির্ধারণ করেন৷ এইচআরডব্লিউর পক্ষে আইনজীবী আনিসুল হাসান গতকাল ট্রাইবু৵নালে বলেন, তাঁদের পক্ষের অপর আইনজীবী মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণে ট্রাইব্যুনালে আসতে পারেননি৷ তাই তিনি সময়ের আরজি জানালে ট্রাইবু৵নাল এ আদেশ দেন৷
গত বছরের ১৬ আগস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক এক বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছিল, গোলাম আযমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি৷ এতে রাষ্ট্রপক্ষ এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে৷ ২ সেপ্টেম্বর ট্রাইবু৵নাল এইচআরডব্লিউর পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্রাড এডামস ও সহযোগী স্টর্ম টিভকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন৷