জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার জাতীয় পার্টির সাবেক সাংসদ মো. আবদুল জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই পরোয়ানা জারি করেন।
গতকাল রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জব্বারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
জব্বারের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, নির্যাতনসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত মাসে তদন্ত সংস্থা জব্বারের বিরুদ্ধে তদন্ত শেষ করে।
বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ ওই অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম।
রাষ্ট্রপক্ষের আবেদনে অভিযোগ আমলে নিয়ে জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।