জব্বারের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য রোববার
পিরোজপুরের জাতীয় পার্টির পলাতক সাবেক নেতা ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল এ মামলায় সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের ২৩তম ও জব্দ তালিকার সাক্ষী মো. রবিউল আনাম খান। তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ক্যাটালগার। জবানবন্দি শেষে রবিউলকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। পরে এই মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনের সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে আইনি বিষয়ে যুক্তি রোববার: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ সুবহানের বিরুদ্ধে ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ।
সুবহানের বিরুদ্ধে একাত্তরে মুক্তি-যুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ রয়েছে।