জাতীয় পার্টির সাবেক সাংসদ মো. আবদুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ৩৬ জনকে হত্যা এবং প্রায় ২০০ জনকে ধর্মান্তরিত করার অভিযোগ পেয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আবদুল জব্বারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, মুক্তিযুদ্ধের আগে ও মুক্তিযুদ্ধকালে মুসলিম লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন আবদুল জব্বার। পরে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হন। সর্বশেষ তিনি দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে আবদুল জব্বারের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ তদন্তে পাওয়া গেছে। একাত্তরে ফুলঝুড়িতে দুজন মুক্তিযোদ্ধাকে হত্যা এবং নাথপাড়া ও কুলুপাড়ায় শতাধিক বাড়ি লুট ও অগ্নিসংযোগের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ফুলঝুড়িতেই আরেক ঘটনায় একজনকে হত্যা, ৩৬০টি বাড়ি লুট ও অগ্নিসংযোগ এবং প্রায় ২০০ হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া নলীতে ১১ জনকে গণহত্যা, ৬০টি বাড়ি লুট ও অগ্নিসংযোগ এবং আঙ্গুলকাটা ও মঠবাড়িয়া থেকে ৩৭ জনকে আটক করার পর ২২ জনকে গণহত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন।
তদন্ত সংস্থা জানায়, আবদুল জব্বারের জন্ম মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া গ্রামে। তদন্ত সংস্থার কাছে থাকা সর্বশেষ তথ্য অনুসারে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।