জব্বারের বিরুদ্ধে মামলা চূড়ান্ত পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক সাংসদ পিরোজপুরের পলাতক আসামি ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গতকাল সোমবার এই মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান।

গত রোববার হেলালউদ্দিন জবানবন্দি দিয়েছিলেন। তাঁর জেরা শেষ হলে এ মামলায় আসামিপক্ষে কোনো সাক্ষী না থাকায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়। এর মধ্য দিয়ে এ মামলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। এ মামলায় তদন্ত কর্মকর্তা বাদে রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ অনুসারে, রাষ্ট্রপক্ষ প্রথমে যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষ পাল্টা যুক্তি দেবে। পরে রাষ্ট্রপক্ষ ওই যুক্তি খণ্ডনের সুযোগ পাবে। যুক্তি উপস্থাপন শেষে মামলার রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১ গত ১৪ আগস্ট আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও গণহত্যার পাঁচটি অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়। ৭ সেপ্টেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

আবদুল জব্বারের জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামে। তিনি একাত্তরে মুসলিম লীগের নেতা ছিলেন।

সুবহানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর সুবহানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।

যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।