জব্বারের বিরুদ্ধে মামলার রায় কাল
জাতীয় পার্টির নেতা পিরোজপুরের পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গত বছরের ৩ ডিসেম্বরে এই মামলার কার্যক্রম শেষ হয়। ওই দিন জব্বারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবুল হাসান আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর পাল্টা যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম ও তাপস কান্তি বল।
মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের মঠবাড়িয়া শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল জব্বার ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির সাংসদ ছিলেন। গত ১১ মে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ জন্য তাঁকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। গত ১৪ আগস্ট জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
পাঁচ অভিযোগ: জব্বারের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ১৬ মে মঠবাড়িয়া রাজাকার বাহিনীর কমান্ডার জব্বারের নির্দেশে রাজাকাররা ফুলঝুড়ি গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেবের বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে গুলি করা। গুলিবিদ্ধ রাজ্জাক তিন দিন পর মারা যান, মোতালেব গুরুতর আহত হন। ওই দিন সন্ধ্যায় রাজাকাররা নাথপাড়া ও কুলুপাড়ার শতাধিক বাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। দ্বিতীয় অভিযোগ, একাত্তরের ১৭ মে ৩০-৩৫ জন পাকিস্তানি সেনা ও ৪০-৪৫ জন সশস্ত্র রাজাকারকে নিয়ে জব্বার ফুলঝুড়ি গ্রামে হামলা চালান। জব্বারের নির্দেশে রাজাকাররা সারদা কান্তি পাইককে গুলি করে হত্যা করে। এরপর পাকিস্তানি সেনা ও রাজাকারা গ্রামের প্রায় ৩৬০টি ঘরবাড়ি লুট করে ও আগুন ধরিয়ে দেয়।
তৃতীয় অভিযোগ, একাত্তরের ২২ মে জব্বারের নেতৃত্বে রাজাকাররা মঠবাড়িয়ার নলী গ্রামে হামলা চালায়। জব্বার নিজের পিস্তল দিয়ে সুখনাথকে গুলি করে হত্যা করেন, তাঁর নির্দেশে সহযোগীরা ১১ জন হিন্দুধর্মাবলম্বীকে গুলি করে হত্যা করে। চতুর্থ অভিযোগ অনুসারে, একাত্তরের মে মাসের শেষ সপ্তাহে ফুলঝুড়ি গ্রামের প্রায় ২০০ জন হিন্দুকে ধর্মান্তরিত হতে বাধ্য করেন জব্বার।
পঞ্চম অভিযোগে বলা হয়, একাত্তরের ৬ ও ৭ অক্টোবর জব্বারের পরিকল্পনায় ও নির্দেশে রাজাকাররা আঙুলকাটা ও মঠবাড়িয়া থেকে ৩৭ জন হিন্দুধর্মাবলম্বীকে অপহরণ করে। এর মধ্যে ২২ জনকে পরে হত্যা করা হয়। বাকি ১৫ জন নির্যাতনের শিকার হন।