জব্বারের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল জব্বার
আবদুল জব্বার

জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করা হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার এই মামলার কার্যক্রম শেষ হয়। এ নিয়ে এই ট্রাইব্যুনালে দুটি মামলার রায় অপেক্ষমাণ (সিএভি—কেস অ্যায়োটিং ভারডিক্ট) হলো। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলার রায়ও যেকোনো দিন ঘোষণা করবেন এই ট্রাইব্যুনাল।
গতকাল জব্বারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবুল হাসান আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর পাল্টা যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম ও তাপস কান্তি বল।
পরে কৌঁসুলি জাহিদ ইমাম সাংবাদিকদের বলেন, জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আশা করছে, সাক্ষীদের সাক্ষ্য ও দালিলিক প্রমাণের ভিত্তিতে এসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জব্বার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জব্বার কোথায় আছেন, এ ধরনের কোনো তথ্য রাষ্ট্রপক্ষের কাছে নেই।
তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসানের দাবি, জব্বারের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের কোনোটিতেই তাঁর সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাঁর আশা, জব্বার অভিযোগ থেকে খালাস পাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জব্বারের পরিবারের কেউ দেশে থাকেন না।
মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের মঠবাড়িয়া শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল জব্বার ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির সাংসদ ছিলেন। একাত্তরে তিনি ছিলেন মুসলিম লীগের নেতা। গত ১১ মে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ জন্য তাঁকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ১৪ আগস্ট জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
পাঁচ অভিযোগ: জব্বারের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ১৬ মে মঠবাড়িয়া রাজাকার বাহিনীর কমান্ডার জব্বারের নির্দেশে রাজাকাররা ফুলঝুড়ি গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেবের বাড়িতে হামলা চালিয়ে নির্বিচারে গুলি করে। গুলিবিদ্ধ রাজ্জাক তিন দিন পর মারা যান, মোতালেব গুরুতর আহত হন। ওই দিন সন্ধ্যায় রাজাকাররা নাথপাড়া ও কুলুপাড়ার শতাধিক বাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে।
দ্বিতীয় অভিযোগ: একাত্তরের ১৭ মে ৩০-৩৫ জন পাকিস্তানি সেনা ও ৪০-৪৫ জন সশস্ত্র রাজাকারকে নিয়ে জব্বার ফুলঝুড়ি গ্রামে হামলা চালান। জব্বারের নির্দেশে রাজাকাররা সারদা কান্তি পাইককে গুলি করে হত্যা করে। এরপর পাকিস্তানি সেনা ও রাজাকাররা গ্রামের প্রায় ৩৬০টি ঘরবাড়ি লুট ও আগুন ধরিয়ে দেয়।
তৃতীয় অভিযোগ: একাত্তরের ২২ মে জব্বারের নেতৃত্বে রাজাকাররা মঠবাড়িয়ার নলীগ্রামে হামলা চালায়। জব্বার নিজের পিস্তল দিয়ে সুখনাথকে গুলি করে হত্যা করেন। তাঁর নির্দেশে সহযোগীরা ১১ জন হিন্দুধর্মাবলম্বীকে গুলি করে হত্যা করে।
চতুর্থ অভিযোগ: একাত্তরের মে মাসের শেষ সপ্তাহে ফুলঝুড়ি গ্রামের প্রায় ২০০ হিন্দুকে ধর্মান্তরিত হতে বাধ্য করেন জব্বার।
পঞ্চম অভিযোগ: একাত্তরের ৬ ও ৭ অক্টোবর জব্বারের পরিকল্পনায় ও নির্দেশে রাজাকাররা আঙুলকাটা ও মঠবাড়িয়া থেকে ৩৭ জন হিন্দুধর্মাবলম্বীকে অপহরণ করে, যার মধ্যে ২২ জনকে পরে হত্যা করা হয়। বাকি ১৫ জন নির্যাতনের শিকার হন।