জব্বারের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের যে রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আজ বুধবার এই আপিল করে রাষ্ট্রপক্ষ।

জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুসারে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আসামির প্রথম সাজা মৃত্যুদণ্ড। জব্বারের বিরুদ্ধে সবগুলো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছেন। কিন্তু বয়স বিবেচনায় তাঁর সাজা কমিয়ে ট্রাইব্যুনাল-১ তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন। এ জন্য এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে জানা গেছে, জব্বারের ফাঁসি চেয়ে ৩৭৯ পৃষ্ঠার আপিল আবেদন আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয় রাষ্ট্রপক্ষ।

গত ২৪ ফেব্রুয়ারি তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। রায়ে ট্রাইব্যুনাল বলেন, আসামি জব্বার মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ এবং সহযোগিতা করার গর্হিত অপরাধ করেছেন। তাঁকে মৃত্যুদণ্ড দিলেই ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত হবে। কিন্তু সেই সঙ্গে এটাও অস্বীকার করার উপায় নেই যে, আসামির বয়স এখন ৮২ বছরেরও বেশি। আসামির অতিরিক্ত বয়স সব সময় সাজা প্রশমনের ক্ষেত্রে একটি বড় কারণ।

ট্রাইব্যুনাল সর্বসম্মতভাবে মনে করে, বয়োবৃদ্ধ জব্বারকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিলেই ন্যায়বিচার নিশ্চিত হবে। তবে বয়সের জন্য আসামির সাজা কমানো হলেও এতে তাঁর অপরাধ কোনোভাবেই কমছে না।

এর আগেও মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করলেও বয়স বিবেচনা করে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম এবং সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়নি। গোলাম আযমকে বয়সের বিবেচনায় ৯০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। পক্ষাঘাতগ্রস্ত আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। দুজনই কারাভোগ করা অবস্থায় মারা গেছেন।