জব্বারের মোড়ের সব দোকান বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে মাদক সরবরাহের অভিযোগে বন্ধ করে দেওয়া একটি খাবারের দোকান খোলার দাবিতে ওই স্থানের সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী কল্যাণ সমিতি।

রেলক্রসিং মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে গতকাল সোমবার এ ব্যাপারে প্রচারপত্র বিলি করা হয়। কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলম বলেন, ‘ওই দোকানদার মাদক সরবরাহের কাজে জড়িত নন বলে আমরা দোকানটি খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি। সেটি খুলে না দেওয়ায় আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে সব দোকান বন্ধ রাখা হবে। শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে জব্বার মোড়ের (রেলক্রসিং মোড়) ‘মিলন হোটেলের’ ছাদ থেকে চার বোতল মদ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় হোটেলটির কর্মচারী বিশ্বনাথ চন্দ্র সূত্রধর ও দুলাল মিয়াকে পুলিশ আটক করে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর হোটেলটি বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোড়টিতে ছোট-বড় ৯৮টি দোকান রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাওয়াদাওয়ার প্রধান স্থান এটি। এখানে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় জিনিসপত্রও বিক্রি হয়।

দোকানদারেরা বলেন, হোটেল পরিচালনাকারী মিলন মাদক সরবরাহের সঙ্গে যুক্ত নন। কে বা কারা ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেছেন। কিন্তু প্রশাসন দোকানটি খুলে দিতে অপারগতা প্রকাশ করে। এ কারণে গতকাল দুপুরের পর প্রচারপত্র বিলি করা হয়। এতে বলা হয়, মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দোকান বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, ‘যেহেতু বিষয়টি মাদকের সঙ্গে সম্পৃক্ত তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা দোকানদারদের বলেছি। তারপরেও তাঁরা যদি শিক্ষার্থীদের জিম্মি করে কোনো পরিস্থিতি তৈরি করেন, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’