মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের (৮২) রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া এই রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল আবেদন জমা দেয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন অনুসারে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আসামির প্রথম সাজা মৃত্যুদণ্ড। জব্বারের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছেন। কিন্তু বয়স বিবেচনায় তাঁর সাজা কমিয়ে ট্রাইব্যুনাল-১ তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন। এ জন্য এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে জব্বারের মৃত্যুদণ্ড চেয়েছে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, জব্বারের ফাঁসি চেয়ে ৩৭৯ পৃষ্ঠার আপিল আবেদন গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। ২৪ ফেব্রুয়ারি তাঁকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেন ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল বলেন, জব্বার মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ ও সহযোগিতা করে অপরাধ করেছেন। তাঁকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিলেই ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত হবে। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে, আসামির বয়স এখন ৮২ বছরের বেশি। অতিরিক্ত বয়স সব সময় সাজা প্রশমনের ক্ষেত্রে বড় কারণ। ট্রাইব্যুনাল সর্বসম্মতভাবে মনে করে, বয়োবৃদ্ধ জব্বারকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিলেই ন্যায়বিচার নিশ্চিত হবে।