জমকালো আয়োজনে জীবনের জয়গান

কয়েক বছর ধরে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক যৌথভাবে সারা দেশ থেকে তরুণ গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রী খুঁজে বের করছে। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় ‘সেলিব্রিটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’। এবার ছিল নবম আয়োজন। এদিন ভলিউম ৮ নামের একটি গানের সিডি ও আলোকচিত্রের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
জীবনের জয়গানের নবম আয়োজন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার প্রমুখ।
জীবনের জয়গানের এবারের ভাবনা ছিল বাংলাদেশের ঐতিহ্য। এ বিষয় নিয়ে প্রতিযোগীরা গান লিখে ও ছবি তুলে পাঠান। এরপর বিচারকদের রায়ে কয়েকজনকে বাছাই করা হয়। এ আয়োজনের প্রকল্প পরিচালক এবং ‘স্টার শোবিজ’-এর সম্পাদক রাফি হোসেন বলেন, ‘সৃজনশীল কাজে ব্যস্ত থাকার মাধ্যমে তরুণেরা নিজেদের সব অশুভ কাজ থেকে দূরে রাখতে পারে। তরুণদের প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। তরুণ উৎসাহ আমাদেরও বেশ অনুপ্রাণিত করে।’ জীবনের জয়গান উৎসবে এবারের বাছাই করা গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছে ব্যান্ড চিরকুট। গানগুলোতে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুনেরাও কণ্ঠ দিয়েছেন।