জমকালো অনুষ্ঠানে মেধাবী ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালো লেখাপড়া করে আমি আজ জীবনে প্রথম পুরস্কার পেয়েছি। খুব ভালো লাগছে। ফ্যান্টাসি কিংডমের সবগুলো রাইডে চড়তে পেরেছি। আরও ভালো পড়ালেখা করব।’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান ফ্যান্টাসি কিংডম-কনকর্ড স্কুল বৃত্তি-২০১০ পেয়ে এভাবেই তার অনুভূতি প্রকাশ করে। এমন অনুভূতি শুধু ছোট্ট শিশু নুসরাতের একার ছিল না। গতকাল শুক্রবার রাজধানীর সেরা ১০টি স্কুলের ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ছিল এমন অনুভূতি। ছুটির দিনে রাজধানী ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে তাদের জড়ো করা হয়। আবাসন শিল্পপ্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ ও ফ্যান্টাসি কিংডম যৌথভাবে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। বৃত্তি পেয়েছে অদম্য মেধাবী ক্যাটাগরিতে ২০ জন এবং পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২০ জন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ১০ শিক্ষককেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বৃত্তি দেওয়ার এই আয়োজনটি এবার প্রথম এবং এটা অব্যাহত থাকবে। এবারে প্রথম পর্যায়ে বৃত্তি পাওয়া ঢাকার ১০টি স্কুলের মধ্যে রয়েছে অগ্রণী স্কুল ও কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল।জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, শিল্পী বুলবুল মহলানবীশ, কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর, রেডিও টুডের রফিকুল হক, কনকর্ড গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদা কামাল, ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল প্রমুখ। শিল্পী আঁঁখি আলমগীরের জনপ্রিয় সব গান উপভোগ করে শিক্ষার্থীরা। সংগীত ছাড়াও ছিল শিক্ষার্থীদের নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠানে। অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া সব সময় আনন্দের। শিক্ষার্থীরা যখন পড়ালেখা করে এমন সফল হয়, তখন খুব আশান্বিত হই।’কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন বলেন, ‘আজ যে মেধাবীদের সংবর্ধনা দেওয়া হলো, ভবিষ্যতে এদের কেউ একজন ফ্যান্টাসি কিংডমের চেয়েও বড় প্রতিষ্ঠান গড়তে পারবে বলে আমার বিশ্বাস।’