জমকালো সাজে বিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশপথে রঙিন তোরণ। রাতের বেলা ভেতরে জ্বলছে ‘চায়না’ বাতি। কিন্তু এটা কোনো বাসাবাড়ি বা কমিউনিটি সেন্টার নয়। মৌলভীবাজারের আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়কে রূপ দেওয়া হয়েছিল বিয়েবাড়ির সাজে। শুধু তাই নয়, বিদ্যালয়ের একজন করণিকের ছেলের বিয়ে উপলক্ষে প্রধান শিক্ষক সংরক্ষিত ছুটি থেকে এক দিনের জন্য বিদ্যালয় ছুটি দিয়েছিলেন। এ ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন। গত রোববার রাতে গিয়ে দেখা যায়, শহরের শান্তিবাগ এলাকায় অবস্থিত আলী আমজদ বালিকা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রবেশপথের ফটকের সামনে বিদ্যালয়ের সাইনবোর্ড আড়াল করে বিয়েবাড়ির তোরণ (গেট) শোভা পাচ্ছে। বিদ্যালয়ের ভেতরে ঝকমক করে জ্বলছে চায়না বাতি (মরিচ বাতি)। রোববার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্যান্ডেল বেঁধে বৌভাতের আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে ওই বিদ্যালয়ের ফটক ও সাইনবোর্ড আড়াল করে একটি তোরণ স্থাপন করা হয়। চায়না বাতি জ্বালিয়ে আলোকসজ্জা করা হয়েছে। আশপাশের বাসাবাড়ির অনেকে জানিয়েছেন, রাতের বেলা গানবাজনা হয়েছে। তাঁরা ঠিক বুঝতে পারেননি বিদ্যালয়ে কী হচ্ছে? অনেকের প্রাথমিক ধারণা ছিল, বিদ্যালয়ে কোনো অতিথি হয়তো আসছেন, তাই তোরণ নির্মাণ করা হয়েছে। কিন্তু আলোকসজ্জা দেখে ও গানবাজনা শুনে অনেকে বিভ্রান্তিতে পড়েন। মূলত এই সাজসজ্জা করা হয়েছিল বিদ্যালয়ের করণিক আবু তাহেরের ছেলের বিয়ে উপলক্ষে। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘করণিক তাঁর ছেলেকে বিয়ে করিয়েছেন। আমি বিদ্যালয় ক্যাম্পাসে বিয়ের জন্য অনুমতি দিয়েছিলাম। এইভাবে গেট করবে, গানবাজনা ও আলোকসজ্জা করবে এটা বুঝতে পারিনি। এখন করে ফেলেছে, কী করব।’ তিনি আরও বলেন, সংরক্ষিত ছুটি থেকে এক দিন শুধু বিয়ে উপলক্ষে না, পবিত্র শবে বরাতের জন্যও দিয়েছেন। এ রকম ছুটি অতীতেও দেওয়া হয়েছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘করণিক প্রধান শিক্ষক এই বিদ্যালয়টি দেখেন শিক্ষা বিভাগের সিলেট বিভাগীয় উপপরিচালক। তাঁর (উপপরিচালক) সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সে (করণিক) স্কুল ক্যাম্পাসকে এভাবে ব্যবহার করতে পারে না।’