১২ ডজন ইঁদুর। একই পরিমাণে কুমির, তির-ধনুক, পানির পিস্তল, রাবারের ক্রিকেট বল, রঙিন চশমা! অনেকটা তড়িঘড়ি করে এই খেলনাসামগ্রীগুলোর অর্ডার দিলেন নরসিংদীর নরসিংদী বাজারের লিটন মিয়া। বেগম বাজারের এনায়েত করিম মার্কেটের পাইকারি খেলনার দোকানের সামনে তখন দাঁড়ানোরও জায়গা নেই। ক্রেতার ভিড়। মাল কিনতে লিটন মিয়ার আরও আগে আসার কথা ছিল। পারেননি হরতালের কারণে।দোকানি এনায়েত করিম জানালেন, ঠিক বিপরীত চিত্র ছিল আগের সপ্তাহে। প্রতিদিনের বিক্রি পাঁচ হাজার টাকার ওপর ওঠেনি। অথচ অন্য বছর এ সময়ে দৈনিক বিক্রি লাখ টাকা ছাড়িয়ে যায়।ঈদ সামনে রেখে মূলত গতকাল শনিবার সকাল থেকে পাইকারি বাজার পুরোদমে জমে উঠেছে। দুপুরের বৃষ্টি এই কর্মযজ্ঞে খানিকটা ব্যাঘাত ঘটালেও ব্যবসায়ীরা খুশি। এখন আশা আগামী দিনগুলো এমন কাটলেই হয়। পুরান ঢাকার চকবাজার, আশপাশের মৌলভীবাজার, বেগম বাজার, উর্দু রোড থেকে সারা দেশেই পাইকারি মালামাল সরবরাহ করা হয়। পাঞ্জাবি, জামা, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে চুড়ি, ইমিটেশনের অলংকার ও প্রসাধনীর প্রধান পাইকারি বাজার এখানে। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা দোকানে এখান থেকেই মালামাল যায়। খুচরা বিক্রির কোনো কারবার নেই। এবারও চকবাজার এবং এর পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে মালামাল তৈরি ও আমদানি করেছেন পর্যাপ্ত।
চট্টগ্রামের জুবলি রোড হকার্স মার্কেটের মিনহাজ স্টোরের ফরহাদ গতকাল ভোরে ঢাকায় এসেছেন। ফকিরাপুল নেমেই দেরি না করে সোজা চলে এসেছেন চকবাজারে। দুপুরে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, ঈদ সামনে রেখে দোকানের জন্য গতকাল প্রথমবারের মতো মাল কিনতে এসেছেন। অথচ অন্য বছর এই সময়ে অর্থাৎ ১০ রোজার দিকে তিনবার আসা হয় মাল কিনতে। এবার সময় কম। সারা দিন মাল কিনে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে নিজে ফিরে যাবেন রাতেই। চকবাজারের হক স্টোরের আশরাফ হোসেন জানালেন, সাধারণত তিনটি চালানে তাঁদের ঈদের ব্যবসা হয়ে থাকে। শবে বরাতের পর প্রথম চালানটি চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। দ্বিতীয় চালানটি যায় রোজার প্রথম দুই-তিন দিনের মধ্যে। শেষ চালানটি ১০ থেকে ১৫ রোজার মধ্যে। এবার এর ব্যতিক্রম ঘটেছে হরতাল ও ঢাকার বাইরে বৃষ্টির কারণে। বেচাকেনায় বেশ ভাটা পড়েছে। তবে এ সপ্তাহ থেকে বাজার পুরোদমে চলবে বলে আশাবাদী তিনিও।
এই এলাকায় ফেন্সি, মোহাম্মদিয়া, এনায়েত করিম মার্কেট, ওয়াহেদ, খাজা, ইয়াকুব, খান মার্কেট, হালিমা ম্যানসন ও সিটি করপোরেশনের নতুন সুপার মার্কেটসহ অনেকগুলো বহুতল সুপার মার্কেট গড়ে উঠেছে। এসব মার্কেটে উৎপাদক ও আমদানিকারকদের রয়েছে কয়েক হাজার পাইকারি দোকান।তবে পোশাকের বাজারের চিত্রটা কিছুটা ভিন্ন। এখানকার বিক্রির হিসাব-নিকাশ একটু আগে শুরু হওয়ায় হরতালের প্রভাব তেমন পড়েনি। উর্দু রোডের পোশাক প্রস্তুতকারক রিফাত গার্মেন্টসের মালিক মো. আলমগীর জানালেন, রোজা শুরুর ১৫ দিন আগেই ঢাকার বাইরে থেকে পাইকারেরা আসতে শুরু করেন। এখন ঢাকা ও আশপাশের এলাকাগুলোতে মাল যাচ্ছে। একই চিত্র খাবারসহ নিত্যব্যবহার্য দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে। রোজায় একবার ব্যবহারযোগ্য সামগ্রী বিক্রি বেশ বেড়ে গেছে বলে জানালেন ইসলাম ডিসপোর মালিক স্বপন। তিনি জানালেন, ইফতার পার্টিতে ব্যবহারের জন্য এ ধরনের জিনিস খুব বিক্রি হচ্ছে। নাদিম বিস্কুট বাজারের ফিরোজ মিয়া জানালেন, জুস, গুঁড়া দুধসহ মিষ্টিজাতীয় খাবারের বিক্রি অনেক বেড়ে গেছে। এবার হরতালের কারণে ঢাকার বাইরে কম চালান গেলেও ঢাকা এবং আশপাশের এলাকায় মাল যাচ্ছে নিয়মিত।