জমজম হাসপাতালে নোংরা পরিবেশ জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বেসরকারি জমজম ইসলামী হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়ার দায়ে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় হয়েছে।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহাম্মেদের নেতৃত্বে গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত নগরের লক্ষ্মীপুরে অবস্থিত জমজম ইসলামী হাসপাতালে অভিযান চালানো হয়। আশরাফ আহাম্মেদ জানান, অস্ত্রোপচার কক্ষ ভীষণ নোংরা পাওয়া গেছে। সেখানে তিন ব্যাগ নষ্ট রক্ত, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, ওষুধ ও রাসায়নিক পাওয়া গেছে, যা তাঁরা এখনো ব্যবহার করছিলেন। অস্ত্রোপচার কক্ষে যত সব অপ্রয়োজনীয় জিনিস ফেলে রাখা হয়েছে। যার ভেতরে ধুলা জমেছে। প্যাথলজিও একই রকম নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া গেছে। এক্স-রে চালানোর কারিগর নেই। এক্স-রের লাইসেন্স ২০১২ সালের পর আর নবায়ন করা হয়নি।