জমজমাট কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা শুরুর এক সপ্তাহ আগে থেকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এবং উপজেলা সদরের বিপণিকেন্দ্রগুলোতে কেনাকাটা জমে উঠেছিল। কিন্তু হঠাৎ চার দিনের হরতাল ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তিতে ফেলে দেয়। তার পরও ঈদের কেনাকাটা বলে কথা। হরতাল শেষ হওয়ার পরদিন শুক্রবার থেকেই আবার পুরোদমে জমে উঠেছে ঈদবাজার। 
সরেজমিনে দেখা গেছে, কেরানীহাটের নিউমার্কেট, হক টাওয়ার, সানমুন সিটি ও সাতকানিয়া মকবুল সিরাজী মার্কেট, পি এস টাওয়ার, সদরের প্রধান সড়ক ও চিকন গলির বিভিন্ন দোকান বর্ণিল সাজে সাজানো হয়েছে। এসব দোকনে রয়েছে নানা ডিজাইনের শাড়ি, থ্রি-পিস, থান কাপড়, তৈরি পোশাক, জুতা ও প্রসাধনসামগ্রীর সম্ভার।
গত শুক্রবার কেরানীহাটের নিউমার্কেট ও হক টাওয়ারের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়।
হক টাওয়ারের কাপড়ের দোকান আবরণের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, ‘এবারের রমজানে বিক্রির জন্য ঢাকা ও চট্টগ্রাম থেকে থ্রি-পিস ও শাড়ি সংগ্রহ করেছি আমরা। বিক্রিও ভালো। হরতাল একটু ক্ষতি করেছে। তবে এখন ক্রেতাদের ভিড় বাড়ছে। নিউমার্কেটের প্রসাধনসামগ্রীর দোকানি ওমর আলী জানান, ঈদের বাজারের বিক্রির জন্য প্রচুর পণ্যসামগ্রী দোকানে রেখেছেন। পোশাক কেনার পাশাপাশি তরুণীরা প্রসাধনসামগ্রীও কিনছেন।
উপজেলার আমিলাইষ ইউনিয়ন থেকে আসা মোহাম্মদ আকরাম উদ্দীন নিউমার্কেটে কেনাকাটা শেষে বলেন, ‘বেশি দোকান ঘুরে দেখতে হয়নি। কয়েকটি দোকানেই স্ত্রী ও ছেলেমেয়েদের পছন্দের কাপড় কিনতে পেরেছি। তবে দাম বেশি।’
নিউমার্কেটের ছাফা মারওয়া ক্লথ স্টোরে থ্রি-পিস কিনতে এসেছেন সাতকানিয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী রুমানা তাবাসসুম। তিনি বলেন, ‘পছন্দের থ্রি-পিস আছে। কিন্তু দামদরে মিলছে না। তাই একটু বাজার যাচাই করছি।’ দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, কাপড়ের মানভেদে থ্রি-পিস ৬০০ থেকে সাত হাজার টাকা, সুতির শাড়ি ৩০০ থেকে তিন হাজার ৫০০ হাজার টাকা, কাতান ও জামদানি এক হাজার ৫০০ থেকে সাত হাজার টাকা, শার্ট ১৮০ থেকে এক হাজার ৫০০ হাজার টাকা, জিনস প্যান্ট ৪০০ থেকে তিন হাজার টাকা, পাঞ্জাবি ৪০০ থেকে তিন হাজার টাকা, জুতা ১৮০ থেকে দুই হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।